বাংলাদেশসহ কয়েকটি দেশে বাতিল কেমব্রিজের গণিত পরীক্ষা

শিক্ষা ডেস্ক

শিক্ষা ডেস্ক

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬

প্রশ্নফাঁসের অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশে অনুষ্ঠিত কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস লেভেলের গণিত (৯৭০৯/১২) পরীক্ষা বাতিল করেছে Cambridge International Education। আগামী ৯ জুন নতুন প্রশ্নপত্রে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আগেভাগেই ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত এক হালনাগাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে কেমব্রিজ কর্তৃপক্ষ।

কেমব্রিজ জানায়, পরীক্ষার প্রশ্নপত্র তাদের কঠোর গোপনীয়তা নীতিমালা ভঙ্গ করে আগেই শেয়ার করা হয়েছিল। প্রশ্ন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় নির্ভরযোগ্য ফল প্রকাশ করা সম্ভব নয়। ফলে বিকল্প মূল্যায়ন পদ্ধতির পরিবর্তে সম্পূর্ণ পরীক্ষাই বাতিল করে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রতিষ্ঠানটি বলেছে, শিক্ষার্থী, অভিভাবক ও স্কুলগুলোর হতাশা এবং উদ্বেগ তারা উপলব্ধি করতে পারছে। শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নেয় এবং ন্যায্য মূল্যায়নের জন্য কেমব্রিজের ওপর আস্থা রাখে। সেই আস্থা বজায় রাখতেই পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেমব্রিজ আরও জানায়, বিভিন্ন পরীক্ষা বোর্ডের মতো তারাও প্রায়ই প্রশ্নফাঁসের অভিযোগ পেয়ে থাকে, যার অধিকাংশই ভুয়া। অনেক ক্ষেত্রে প্রতারকচক্র অর্থের বিনিময়ে প্রশ্ন দেওয়ার নামে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে। তবে এবারের ঘটনায় প্রকৃত প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গণিত (৯৭০৯/১২) বিষয়ের পুনঃপরীক্ষা আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য শিক্ষার্থী বা শিক্ষাপ্রতিষ্ঠানকে অতিরিক্ত কোনো ফি দিতে হবে না। আগামী ১৫ মের মধ্যে সংশ্লিষ্ট স্কুলগুলোকে সময়সূচি, প্রশ্নপত্র গ্রহণ ও পরীক্ষা পরিচালনার নির্দেশনা পাঠানো হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুনঃপরীক্ষা হলেও ফল প্রকাশের নির্ধারিত তারিখ ১১ আগস্ট অপরিবর্তিত থাকবে।

প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছে কেমব্রিজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অংশীদারদের সহায়তায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। গোপন পরীক্ষাসামগ্রী ফাঁস বা অপব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

কেমব্রিজের তথ্যমতে, বাংলাদেশ ছাড়াও আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এই সিদ্ধান্ত কার্যকর হবে। পাশাপাশি কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার কিছু অংশ, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনামেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে।