অস্ট্রেলিয়ার ভিসা আবেদনে বড় পরিবর্তন, ঢাকার হাইকমিশনের নতুন নির্দেশনা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬

অস্ট্রেলিয়ার ভিসা আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের তথ্য জানিয়েছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন। এখন থেকে সব ধরনের ভিসার আবেদন দেশটির সরকারি ইমিগ্রেশন পোর্টাল ‘ইম্মিঅ্যাকাউন্ট’ (ImmiAccount)-এর মাধ্যমে জমা দিতে হবে বলে জানিয়েছে তারা।

মঙ্গলবার (১৯ মে) এক বার্তায় হাইকমিশন জানায়, ব্যক্তিগত আবেদনকারী থেকে শুরু করে মাইগ্রেশন এজেন্ট—সবার ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।

বার্তায় আরও বলা হয়, আবেদনকারীকে অবশ্যই নিজের ইম্মিঅ্যাকাউন্টে প্রবেশাধিকার রাখতে হবে, যাতে তিনি ভিসা আবেদন সংক্রান্ত সব তথ্য যাচাই করতে পারেন।

হাইকমিশনের নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীরা ইম্মিঅ্যাকাউন্টে লগইন করে যেসব তথ্য নিশ্চিত করতে পারবেন, সেগুলো হলো—

  • আবেদনকারীর নাম, জন্মতারিখ ও পাসপোর্টের তথ্য
  • কোন ধরনের ভিসার জন্য আবেদন করা হয়েছে
  • ভিসা আবেদনের বর্তমান অবস্থা
  • বায়োমেট্রিক্স লেটার ভিসা আবেদনের সঙ্গে মিলছে কি না
  • অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে পাঠানো যেকোনো বার্তা বা আপডেট

এছাড়া ভিসা আবেদন ও ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানতে অস্ট্রেলিয়া সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দিয়েছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন।

অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।