যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনে নতুন কড়াকড়ি, নিজ দেশে ফিরেই করতে হবে আবেদন
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৬
যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে অবস্থানরত বিদেশিদের গ্রিন কার্ড (স্থায়ী বসবাসের অনুমতি) আবেদনের ক্ষেত্রে নতুন কড়াকড়ি আরোপ করেছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস)। নতুন নীতিমালা অনুযায়ী, বিশেষ ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া যুক্তরাষ্ট্রের ভেতর থেকে আর ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ সুবিধার মাধ্যমে গ্রিন কার্ডের আবেদন করা যাবে না।
বৃহস্পতিবার প্রকাশিত এক নীতিগত নির্দেশনায় ইউএসসিআইএস জানায়, যারা শিক্ষার্থী, অস্থায়ী কর্মী বা পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং পরবর্তীতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি চান, তাদের নিজ দেশে ফিরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে।
ইউএসসিআইএসের মুখপাত্র জ্যাক কাহলার বলেন, “আমরা আইনের মূল উদ্দেশ্যে ফিরে যাচ্ছি, যাতে অভিবাসীরা সঠিকভাবে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা অনুসরণ করেন। এখন থেকে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে থাকা কোনো ব্যক্তি গ্রিন কার্ড পেতে চাইলে তাকে নিজ দেশে ফিরে আবেদন করতে হবে, যদি না বিশেষ কোনো ব্যতিক্রমী পরিস্থিতি থাকে।”
তিনি আরও বলেন, “অভিবাসন আইনের উদ্দেশ্য ছিল অস্থায়ী ভিসাধারীরা নির্দিষ্ট সময় ও উদ্দেশ্য পূরণ শেষে নিজ দেশে ফিরে যাবেন। তাদের যুক্তরাষ্ট্রে অবস্থানকে গ্রিন কার্ড পাওয়ার প্রথম ধাপ হিসেবে ব্যবহার করার সুযোগ দেওয়ার জন্য এই ব্যবস্থা তৈরি করা হয়নি।”
ইউএসসিআইএসের দাবি, নতুন এই নীতির ফলে অধিকাংশ আবেদন বিদেশে থাকা মার্কিন দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব হবে। এতে সংস্থাটির ওপর চাপ কমবে এবং তারা মানব পাচার ও সহিংস অপরাধের শিকার ব্যক্তিদের ভিসা, নাগরিকত্ব আবেদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবায় বেশি গুরুত্ব দিতে পারবে।
নীতিমালায় কর্মকর্তাদের প্রতিটি আবেদন আলাদাভাবে পর্যালোচনা করে “ব্যতিক্রমী পরিস্থিতি” রয়েছে কি না, তা বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে নতুন এই সিদ্ধান্তের সমালোচনা করেছে অভিবাসী ও শরণার্থী সহায়তাকারী বিভিন্ন সংস্থা। তাদের আশঙ্কা, এতে নির্যাতন, সহিংসতা বা মানব পাচারের শিকার অনেক মানুষ আবারও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখে পড়তে পারেন।
যুক্তরাষ্ট্রে অভিবাসন ব্যবস্থা আরও কঠোর করার ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই এই নীতি এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে অস্থায়ী ভিসাধারীদের বিভিন্ন ক্যাটাগরিতে কড়াকড়ি আরোপ এবং ভিসা বাতিলের মতো পদক্ষেপও নেয় মার্কিন প্রশাসন।
সূত্র: ইউএসসিআইএস (USCIS.gov)



