যুক্তরাজ্যে নিট অভিবাসন অর্ধেকে নেমেছে
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৬
যুক্তরাজ্যে ২০২৫ সালে নিট অভিবাসন প্রায় অর্ধেকে নেমে এসেছে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর নিট অভিবাসন কমে দাঁড়িয়েছে এক লাখ ৭১ হাজারে, যা ২০২১ সালের পর সর্বনিম্ন। মূলত ওয়ার্ক ভিসা কমে যাওয়াকেই এই পতনের প্রধান কারণ হিসেবে দেখছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাজ্যে নিট অভিবাসন ছিল তিন লাখ ৩১ হাজার। এক বছরের ব্যবধানে তা কমে ২০২৫ সালে দাঁড়িয়েছে এক লাখ ৭১ হাজারে।
এর আগেও ২০২৪ সালে নিট অভিবাসনে বড় ধরনের পতন দেখা যায়। সংশোধিত হিসাবে, ওই বছর এক বছরের ব্যবধানে এই সংখ্যা ৬০ শতাংশের বেশি কমেছিল। অথচ ২০২৩ সালে নিট অভিবাসন বেড়ে রেকর্ড আট লাখ ৬০ হাজারে পৌঁছায়।
যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স (ওএনএস) জানিয়েছে, ২০২৫ সালে প্রায় আট লাখ ১৩ হাজার মানুষ দেশটিতে এসেছেন এবং ছয় লাখ ৪২ হাজার মানুষ যুক্তরাজ্য ছেড়ে গেছেন।
২০২৪ সালের জুলাইয়ে ক্ষমতায় আসা লেবার পার্টির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিয়মিত ও অনিয়মিত—উভয় ধরনের অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন এই পরিসংখ্যান প্রকাশের পর তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্টারমার লিখেছেন, “আমি সীমান্তের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমার সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করছে।”
সম্প্রতি স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় পরাজয়ের পর স্টারমারের নেতৃত্ব নিয়ে দলটির ভেতরে চাপ তৈরি হয়েছে। একই সময়ে অভিবাসনবিরোধী রিফর্ম ইউকে দলের জনপ্রিয়তাও বাড়ছে। দলটির নেতা নাইজেল ফারাজ আগামী ২০২৯ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে জনমত জরিপে এগিয়ে রয়েছেন।
স্টারমার আরও বলেন, “এখনও অনেক কাজ বাকি। আমরা দক্ষতাভিত্তিক অভিবাসন ব্যবস্থা চালু করছি, যা বিদেশি কম মজুরির শ্রমশক্তির ওপর নির্ভরতা কমাবে।”
ওএনএস জানিয়েছে, নিট অভিবাসন কমার সবচেয়ে বড় কারণ ওয়ার্ক ভিসা হ্রাস। ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের কাজের উদ্দেশ্যে যুক্তরাজ্যে আসার সংখ্যা ৪৭ শতাংশ কমেছে।
বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের শুরুতে সাবেক কনজারভেটিভ সরকারের নেওয়া কঠোর নীতিমালাও এই পতনে ভূমিকা রেখেছে। সে সময় কেয়ার ভিসায় আসা কর্মী ও বিদেশি শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সঙ্গে আনার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাশাপাশি দক্ষ বিদেশি কর্মীদের জন্য ন্যূনতম বেতনের সীমাও বাড়ানো হয়।
তবে আশ্রয় আবেদন কিছুটা বেড়েছে। ওএনএস জানিয়েছে, ২০২৫ সালে ৮৮ হাজার মানুষ আশ্রয়ের আবেদন করেছেন, যা আগের বছরের তুলনায় এক হাজার বেশি।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৪১ হাজার ৪৭২ জন অভিবাসী ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। ২০২২ সালের রেকর্ড ৪৫ হাজার ৭৭৪ জনের পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা।
২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ছোট নৌকায় আসা অভিবাসীদের প্রধান উৎস দেশ ছিল ইরিত্রিয়া, আফগানিস্তান, ইরান, সুদান ও সোমালিয়া।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় সাত হাজার ৬০০ অভিবাসী ছোট নৌকায় করে ইংল্যান্ডে পৌঁছেছেন।
আশ্রয় আবেদন নিরুৎসাহিত করতে লেবার সরকার ইতোমধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। মার্চ মাসে সরকার ঘোষণা দেয়, নতুন আশ্রয়প্রার্থীদের শরণার্থী মর্যাদা আগের পাঁচ বছরের পরিবর্তে ৩০ মাসের জন্য দেওয়া হবে, যা পরে নবায়নযোগ্য হবে।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস



