ফ্রান্সে বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি বাড়ানোর সিদ্ধান্ত

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৬

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশগুলো থেকে ফ্রান্সে উচ্চশিক্ষা নিতে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বড় পরিসরে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সরকার।

বুধবার প্রকাশিত এক সরকারি ডিক্রিতে জানানো হয়, আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর থেকে ইইউভুক্ত দেশের বাইরে থেকে আসা অধিকাংশ শিক্ষার্থীকে লাইসেন্স বা ব্যাচেলর পর্যায়ে বছরে প্রায় তিন হাজার ইউরো টিউশন ফি দিতে হবে। বর্তমানে এ ফি ১৭৮ ইউরো।

ফরাসি উচ্চশিক্ষামন্ত্রী ফিলিপ বাতিস্তের “চুজ ফ্রান্স ফর হায়ার এডুকেশন” পরিকল্পনার অংশ হিসেবে এই নীতি বাস্তবায়ন করা হচ্ছে।

সরকার জানিয়েছে, ২০১৯ সালে বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা ফি কাঠামো চালু করা হলেও অধিকাংশ বিশ্ববিদ্যালয় এতদিন তা পুরোপুরি কার্যকর করেনি। এবার সেই নীতির বাস্তবায়ন আরও কঠোর করা হচ্ছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলো চাইলে অনেক বিদেশি শিক্ষার্থীকে বাড়তি ফি থেকে অব্যাহতি দিতে পারে। তবে নতুন নিয়ম অনুযায়ী, ধীরে ধীরে সেই সুযোগ সীমিত করা হবে।

সরকারি সিদ্ধান্তে বলা হয়েছে, ২০২৮ সালের সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো সর্বোচ্চ ২০ শতাংশ শিক্ষার্থীকে অতিরিক্ত ফি থেকে অব্যাহতি দিতে পারবে।

তবে যারা ইতোমধ্যে ফ্রান্সে পড়াশোনা করছেন, তারা আগের সুবিধাগুলো বজায় রাখতে পারবেন বলে জানিয়েছে সরকার।

ফরাসি সরকারের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে “উচ্চ সম্ভাবনাময়” আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করা সম্ভব হবে, যা অ্যাংলো-স্যাক্সন দেশগুলোর উচ্চশিক্ষা ব্যবস্থার মতো একটি মডেল তৈরি করবে।

এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের জন্য পড়াশোনা শেষে ওয়ার্ক ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতিও দিয়েছে সরকার।

তবে সিদ্ধান্তটির বিরোধিতা করেছে শিক্ষার্থী ও শিক্ষক সংগঠনগুলো। তাদের অভিযোগ, এই নীতির ফলে আর্থিকভাবে দুর্বল বিদেশি শিক্ষার্থীরা ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবেন।

গত ১২ মে ফ্রান্সের বিভিন্ন শহরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একই দাবিতে আগামী ২৬ মে দেশজুড়ে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক ও শিক্ষার্থী সংগঠনের জোট।

সূত্র: রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল (আরএফআই)