আইইএলটিএস ছাড়াই বৃত্তি নিয়ে কলম্বিয়ায় উচ্চশিক্ষার সুযোগ
আবেদন ৫ জুন পর্যন্ত
শিক্ষা ডেস্ক
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, মে ২৪, ২০২৬
উচ্চশিক্ষার জন্য ইউরোপ, কানাডা কিংবা অস্ট্রেলিয়ার বাইরে এখন নতুন গন্তব্য খুঁজছেন অনেক বাংলাদেশি শিক্ষার্থী। মূলত অতিরিক্ত খরচ, ভাষা দক্ষতার পরীক্ষা (IELTS) এবং ভিসা জটিলতার কারণে অনেকের স্বপ্ন মাঝপথেই থমকে যায়। তবে এবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস ছাড়াই সম্পূর্ণ বৃত্তির আওতায় উচ্চশিক্ষার এক অনন্য সুযোগ নিয়ে এসেছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। ‘কলম্বিয়া গভর্নমেন্ট স্কলারশিপ ২০২৬’-এর আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই সুবর্ণ সুযোগ পাবেন।
দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত কলম্বিয়া তার চমৎকার প্রাকৃতিক পরিবেশ ও আধুনিক শিক্ষাব্যবস্থার জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। এই বৃত্তির আওতায় দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর, বিশেষায়ন ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নের সুযোগ দেওয়া হচ্ছে। সুযোগ-সুবিধার দিক থেকে এই স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীরা বিশেষায়ন কোর্সে ১৮ মাস, স্নাতকোত্তরে ২ বছর এবং পিএইচডি প্রোগ্রামে ৪ বছর পর্যন্ত পড়াশোনার সুযোগ পাবেন। শুধু টিউশন ফি-ই নয়, বৃত্তির আওতায় থাকবে চিকিৎসাবিমা, মাসিক ভাতা, ভিসা ফি এবং বই ও শিক্ষাসামগ্রীর সম্পূর্ণ খরচ।
এই স্কলারশিপে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই কলম্বিয়া ছাড়া অন্য কোনো দেশের নাগরিক হতে হবে। আবেদনের ক্ষেত্রে স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। আবেদনকারীর বয়স ৫০ বছরের বেশি হওয়া যাবে না এবং কলম্বিয়ার কোনো নাগরিকের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা চলবে না। সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হলো, এই বৃত্তির জন্য কোনো আইইএলটিএস (IELTS) স্কোরের বাধ্যবাধকতা নেই।
আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য সিভি, সুপারিশপত্র (Recommendation Letter), পাসপোর্টের কপি, স্বাস্থ্যসনদ এবং স্টেটমেন্ট অব পারপাস (SOP) প্রস্তুত রাখতে হবে। আগামী ৫ জুন ২০২৬ তারিখের মধ্যে কলম্বিয়া সরকারের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিদেশে উচ্চশিক্ষার ব্যয় ও ভাষা দক্ষতার পরীক্ষা নিয়ে যাদের দুশ্চিন্তা রয়েছে, তাদের জন্য এই বৃত্তিটি একটি দারুণ প্ল্যাটফর্ম হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



