মাসিক ভাতাসহ চীনে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ

আবেদনের শেষ সময় ৩০ জুন

শিক্ষা ডেস্ক

শিক্ষা ডেস্ক

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, মে ২৪, ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বা আংশিক অর্থায়নে উচ্চশিক্ষার দারুণ সুযোগ নিয়ে এসেছে চীনের ‘হুবেই গভর্নমেন্ট স্কলারশিপ ২০২৬’। হুবেই প্রাদেশিক সরকারের অর্থায়নে পরিচালিত এই বৃত্তির আওতায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। এই স্কলারশিপের মূল লক্ষ্য হলো বিশ্বজুড়ে মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করা এবং আন্তর্জাতিক শিক্ষাগত ও সাংস্কৃতিক বিনিময় আরও শক্তিশালী করা।

বিশ্বের দ্রুত বিকাশমান শিক্ষাকেন্দ্রগুলোর অন্যতম হিসেবে পরিচিত হুবেই প্রদেশের এই বৃত্তিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় সব সুযোগ-সুবিধা। নির্বাচিত প্রার্থীরা সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফের পাশাপাশি অন-ক্যাম্পাস আবাসন (হোস্টেল) সুবিধা ও পূর্ণাঙ্গ চিকিৎসাবিমা পাবেন। এ ছাড়া জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য শিক্ষার্থীদের বার্ষিক ভাতা দেওয়া হবে। এর মধ্যে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা বছরে ৫ হাজার ইউয়ান, স্নাতকোত্তর পর্যায়ের প্রার্থীরা ১৫ হাজার ইউয়ান এবং পিএইচডি পর্যায়ের গবেষকরা বছরে ২০ হাজার ইউয়ান পর্যন্ত ভাতা পাবেন।

এই স্কলারশিপে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বিদেশি নাগরিক এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। পাশাপাশি ভালো একাডেমিক ফলাফল ও ভালো আচরণের অধিকারী হতে হবে। প্রার্থী অন্য কোনো চীনা সরকারি স্কলারশিপের সুবিধাভোগী হতে পারবেন না এবং কোর্স অনুযায়ী ইংরেজি বা চীনা ভাষায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। আবেদনের ক্ষেত্রে বয়সের একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে; যেখানে স্নাতকের জন্য ২৫ বছর, স্নাতকোত্তরের জন্য ৩০ বছর, পিএইচডির জন্য ৩৫ বছর, সাধারণ গবেষকের জন্য ৪০ বছর এবং উচ্চতর গবেষকদের জন্য অনূর্ধ্ব ৫০ বছর বয়স হতে হবে।

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যেমন—অনলাইন আবেদন ফরম, বৈধ পাসপোর্ট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সুপারিশপত্র, পার্সোনাল স্টেটমেন্ট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং একটি হালনাগাদ ইংরেজি সিভিসহ অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। নতুন শিক্ষার্থীদের জন্য আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন, ২০২৬। তবে যারা ইতিমধ্যেই চীনে অধ্যয়নরত আছেন, সেই বর্তমান শিক্ষার্থীরা আগামী ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন। বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য এটি একটি চমৎকার প্ল্যাটফর্ম হতে পারে বলে মনে করছেন শিক্ষাসংশ্লিষ্টরা।