ইতালির শিক্ষার্থী ভিসার আবেদন নিয়ে নতুন নির্দেশনা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৬
ইতালিতে উচ্চশিক্ষা প্রত্যাশী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। নতুন এই নির্দেশনায় শিক্ষার্থীদের ভাষা দক্ষতা, স্পন্সর এবং প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি ভিসা অ্যাপয়েন্টমেন্টের প্রক্রিয়াটি সহজ ও স্পষ্ট করা হয়েছে। সোমবার (১ জুন) ঢাকার ইতালি ভিসার প্রক্রিয়াকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল (VFS Global) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো নিচে তুলে ধরা হলো:
১. অ্যাপয়েন্টমেন্টের নতুন নিয়ম
যেসব শিক্ষার্থী ইতালির ইউনিভার্সিটি পোর্টালে (Universitaly) সফলভাবে প্রাক-নিবন্ধন (Pre-enrollment) সম্পন্ন করেছেন, তাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য আলাদা করে আবেদন করতে হবে না। ভিএফএস গ্লোবাল সরাসরি ই-মেইলের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করবে এবং ভিসা আবেদন জমা দেওয়ার তারিখ ও সময় নির্ধারণ করে দেবে। ইউনিভার্সিটি পোর্টালে নিবন্ধনের সময় শিক্ষার্থীরা যে ই-মেইল আইডি ব্যবহার করেছিলেন, ঠিক সেই ই-মেইলেই ভিএফএস থেকে যোগাযোগ করা হবে।
২. স্পন্সরের পরিধি বৃদ্ধি
আর্থিক সক্ষমতা বা স্পন্সরের ক্ষেত্রে এবার বড় ছাড় দেওয়া হয়েছে। এখন থেকে বাবা-মায়ের পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুফু, মামা-খালা এবং আপন কাজিনদেরও (চাচাতো/মামাতো/খালাতো/ফুফাতো ভাই-বোন) আর্থিক গ্যারান্টি বা স্পন্সরশিপ গ্রহণ করা হবে। এমনকি ইতালিতে বৈধভাবে বসবাসরত আত্মীয়রাও শিক্ষার্থীদের স্পন্সর হতে পারবেন।
৩. ভাষা দক্ষতার সার্টিফিকেট বাধ্যতামূলক
ভিসা আবেদনের জন্য ভাষা দক্ষতার সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে দূতাবাস কেবল বিশ্বব্যাপী স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটই গ্রহণ করবে। সার্টিফিকেটে আবেদনকারীর মৌখিক বোধগম্যতা (Listening), লিখিত বোধগম্যতা (Reading), কথা বলা (Speaking) এবং লেখার (Writing) দক্ষতা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
৪. শিক্ষাগত যোগ্যতার সত্যতা যাচাই
ভিসা আবেদনের সঙ্গে শিক্ষার্থীর আগের পড়াশোনার সত্যতার প্রমাণ হিসেবে ইতালিয়ান সেন্টারের ‘সিআইএমইএ’ (CIMEA) সার্টিফিকেট অথবা ইতালি দূতাবাস প্রদত্ত ‘ডিক্লেয়ারেশন অব ভ্যালু’ (DOV) অবশ্যই জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়:
ইতালির বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাক-তালিকাভুক্তির পর স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়ার সর্বশেষ সময়সীমা আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত নির্ধারণ করেছে ঢাকাস্থ ইতালি দূতাবাস।



