মার্কিন ভিসা আবেদন করলে সোশ্যাল মিডিয়ায় যা করতে হবে
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রক্রিয়ায় অনলাইন উপস্থিতি যাচাই আরও বিস্তৃত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর (United States Department of State)। নতুন নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট কিছু নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট “পাবলিক” বা উন্মুক্ত রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে যাচাই-বাছাই কার্যক্রম সহজ হয়।
নতুন সিদ্ধান্তের আওতায় A-3, C-3, G-5, H-3, H-4, H-1B, K-1, K-2, K-3, F, M, J, R, S, T এবং U ক্যাটাগরির আবেদনকারীদের অনলাইন কার্যক্রম ও সোশ্যাল মিডিয়া উপস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসা যাচাই প্রক্রিয়ায় আবেদনকারীর অনলাইন আচরণ, পোস্ট এবং কার্যক্রমও বিবেচনায় নেওয়া হবে। এজন্য সংশ্লিষ্ট আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস উন্মুক্ত রাখতে বলা হয়েছে, যাতে ভিসা কর্মকর্তারা সহজে তথ্য যাচাই করতে পারেন।
দপ্তরটির মতে, ভিসা স্ক্রিনিং প্রক্রিয়ায় সব ধরনের তথ্য ব্যবহার করা হয় যাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তার জন্য সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করা যায়। তারা আরও জানায়, প্রতিটি ভিসা আবেদনই নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
এছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে যে, ভিসা কোনো অধিকার নয়, বরং নির্দিষ্ট যোগ্যতা ও নিরাপত্তা যাচাইয়ের ভিত্তিতে দেওয়া একটি বিশেষ সুযোগ।