নিউজিল্যান্ডে নতুন গ্র্যাজুয়েট ভিসা চালু, জানাল ইমিগ্রেশন বিভাগ

শিক্ষা ডেস্ক

শিক্ষা ডেস্ক

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দেশটিতে আগামী ১৬ নভেম্বর ২০২৬ থেকে নতুন একটি স্বল্পমেয়াদি গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু করা হবে বলে জানিয়েছে ইমিগ্রেশন নিউজিল্যান্ড।

নতুন এই ভিসার মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর ছয় মাস পর্যন্ত দেশে থেকে চাকরি খোঁজার সুযোগ পাবেন। একই সঙ্গে দেশটির পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার নিয়মেও আনা হচ্ছে পরিবর্তন।

ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, নতুন “শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা” মূলত তাদের জন্য, যারা নিউজিল্যান্ডে পড়াশোনা শেষ করেছেন কিন্তু পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার জন্য যোগ্য নন। এই ভিসায় তারা পূর্ণাঙ্গ কর্মসংস্থানের জন্য প্রস্তুতি নিতে পারবেন।

ভিসার জন্য আবেদন করতে হলে প্রার্থীকে নিউজিল্যান্ডে অন্তত ২৪ সপ্তাহ পূর্ণকালীন পড়াশোনা করে লেভেল ৫ থেকে ৭-এর যোগ্যতা অর্জন করতে হবে। পাশাপাশি অন্তত ৫ হাজার নিউজিল্যান্ড ডলার সঞ্চয় থাকতে হবে। স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে আবেদন করতে হবে।

তবে এই ভিসায় কোনোভাবেই ব্যবসা মালিকানা গ্রহণ, পরিবারকে নির্ভরশীল হিসেবে স্পনসর করা বা মেয়াদ বৃদ্ধি করা যাবে না। একবারই এই ভিসা প্রদান করা হবে।

অন্যদিকে, ১৬ নভেম্বর ২০২৬ থেকে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতাতেও পরিবর্তন আসছে। এবার লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী এবং স্নাতক ডিগ্রিধারীরাও এই ভিসার জন্য আবেদন করতে পারবেন, তবে তাদের পূর্ণকালীন কোর্স সম্পন্ন করতে হবে।

পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর বা কোর্সের সময়কালের সমান। তবে একজন আবেদনকারী একবারই এই ভিসা পাবেন।

যেসব গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারীর ডিগ্রি নেই, তাদের ক্ষেত্রে ‘গ্রিন লিস্ট’–এ থাকা যোগ্যতা থাকলে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার সুযোগ মিলবে। অন্যরা নতুন ছয় মাসের গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসার আওতায় পড়বেন।

ইমিগ্রেশন নিউজিল্যান্ড বলছে, এই পরিবর্তনের লক্ষ্য আন্তর্জাতিক দক্ষ গ্র্যাজুয়েটদের আকৃষ্ট করা এবং পড়াশোনা থেকে কর্মজীবনে প্রবেশের পথ আরও সহজ করা।

সূত্র: ইকোনমিক টাইমস