রাশিয়ায় ১ লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, সম্মতি দিয়েছে মস্কো
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬
আগামী বছরের মধ্যে বাংলাদেশ থেকে রাশিয়ায় জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করার বিষয়ে দুই দেশের মধ্যে একটি বড় সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের এই প্রস্তাবে নীতিগত সম্মতি জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মী রাশিয়ায় কর্মরত আছেন। এই সংখ্যাকে ১ লাখে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব করা হলে রাশিয়ার কর্তৃপক্ষ তাতে দ্রুত কাজ শুরু করার সম্মতি দেয়। উভয় দেশই খুব শিগগিরই এই বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের অংশগ্রহণে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মস্কো সফর করেন। সফরকালে দুই দেশের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশেষজ্ঞদের মতে, গত সাত বছরের মধ্যে এই প্রথম বাংলাদেশ থেকে এত উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদলকে দ্বিপাক্ষিক আলোচনার জন্য রাশিয়া আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাল। এই সফর দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক ও পারস্পরিক আস্থার এক বড় প্রতিফলন।
বৈঠকে শুধু জনশক্তি রপ্তানিই নয়, বরং দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠক শেষে বাংলাদেশের প্রতিনিধিদলের সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আগামী দিনে আরও শক্তিশালী, গতিশীল ও ফলপ্রসূ পর্যায়ে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেছে উভয় পক্ষই।



