বিনা খরচে রাশিয়া যাওয়ার সুযোগ, নিবন্ধন চলছে

আবেদন ১৭ জুলাই পর্যন্ত

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

আসন্ন ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ (আইএফওয়াই)-২০২৬’ কাভার করতে ইচ্ছুক সাংবাদিকদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া।  স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং নিউ মিডিয়ার (সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল মিডিয়া) কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এই নিবন্ধন প্রক্রিয়া এখন উন্মুক্ত।  আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিতব্য এই আসরে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের জন্য ‘অ্যাক্রেডিটেশন’ বা নিবন্ধনের আবেদন গ্রহণ করছে আয়োজকরা।  গত ৫ মে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেস্টিভ্যালের আয়োজক ‘ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অধিদপ্তর’ জানায়, রাশিয়া এবং বিশ্বের যেকোনো দেশের আগ্রহী সাংবাদিক বা গণমাধ্যমের মনোনীত কর্মীরা অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করতে পারবেন।  অধিদপ্তরের ‘ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম অফ অপরচুনিটিজ’ ওয়েবসাইটের মাধ্যমে দুই ধাপে এই আবেদন সম্পন্ন করতে হবে।   প্রথম ধাপে গণমাধ্যম প্রতিনিধি ও কনটেন্ট ক্রিয়েটরদের উক্ত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে এবং দ্বিতীয় ধাপে নির্ধারিত লিংকের মাধ্যমে ভেন্যুতে কাজের জন্য অ্যাক্রেডিটেশনের আবেদন জমা দিতে হবে।

যাতায়াত ও ভ্রমণ খরচ দেবে আয়োজকরাই

এক প্রশ্নের জবাবে অধিদপ্তরের পক্ষ থেকে এশিয়া পোস্টকে নিশ্চিত করা হয়েছে যে, অনুমোদিত সাংবাদিকদের নিজ দেশ থেকে রাশিয়ায় আসা-যাওয়ার যাবতীয় ব্যবস্থা এবং ভ্রমণ খরচ সম্পূর্ণ বহন করবে আয়োজক কর্তৃপক্ষ।

অধিদপ্তরের মহাপরিচালক দিমিত্রি ইভানভ জানান, আইএফওয়াই–২০২৬ ভেন্যুতে একটি অত্যাধুনিক আন্তর্জাতিক মিডিয়া সেন্টার স্থাপন করা হবে।  এখানে সাংবাদিকদের জন্য থাকবে আধুনিক ওয়ার্কস্টেশন, বিশ্রাম এলাকা, প্রতিদিনের প্রেস ব্রিফিং ও প্রেস কনফারেন্সের জন্য নির্ধারিত স্থান এবং সাক্ষাৎকার ধারণের জন্য বিশেষ স্টুডিও।  এ ছাড়া ইয়েকাতেরিনবার্গে শহরের ভেতরে যাতায়াতের জন্য ট্রান্সফার সার্ভিস এবং ভেন্যুতে ক্যাটারিং সুবিধাও প্রদান করা হবে।

বৈশ্বিক মিডিয়া নেটওয়ার্কিংয়ের সুযোগ

দিমিত্রি ইভানোভ বলেন, “রাশিয়া ও আন্তর্জাতিক অঙ্গনের মিডিয়া প্রতিনিধি এবং কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে এই উৎসব নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।  অনুমোদিত সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে সরাসরি প্রবেশাধিকার পাবেন, শীর্ষস্থানীয় বক্তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন এবং বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।”

তিনি আরও জানান, মিডিয়া সেন্টারটিতে সাংবাদিকদের সহায়তার জন্য সার্বক্ষণিক মিডিয়া স্বেচ্ছাসেবকরা থাকবেন।  এই উৎসবে বিশ্বজুড়ে অন্তত ৫০০ জন মিডিয়া প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

উৎসবের পটভূমি ও এবারের আয়োজন

রাশিয়ার সিরিয়াস রাজ্যে ‘ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল ২০২৪’ আয়োজনের মধ্য দিয়ে এই উৎসবের যাত্রা শুরু হয়।  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশনায় দেশটিতে প্রতিবছর এই আন্তর্জাতিক যুব ইভেন্ট আয়োজন করা হচ্ছে।  এর আগে ২০২৫ সালে নিজনি নভোগরদ শহরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি-২০২৫’ এ ১২০টি দেশের দুই হাজার যুব প্রতিনিধি অংশ নিয়েছিলেন।

‘রাশিয়ার সঙ্গে, স্বপ্ন পূরণ করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬ সালের এই মূল আয়োজনে বিশ্বের ১৯১টি দেশের প্রায় ১০ হাজার যুব প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।