নিউজিল্যান্ডে বিনা খরচে মাস্টার্স ও পিএইচডির সুযোগ
শিক্ষা ডেস্ক
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বড় সুসংবাদ নিয়ে এসেছে নিউজিল্যান্ডের শীর্ষ গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ওটাগো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু করেছে বিশ্ববিদ্যালয়টি। এই বৃত্তির আওতায় বিশ্বের যেকোনো দেশের যোগ্য শিক্ষার্থীরা সম্পূর্ণ বা বড় অংশে টিউশন ফি মওকুফসহ প্রায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত গবেষণাভিত্তিক শিক্ষাকে জোরদার করার অংশ হিসেবেই এই আন্তর্জাতিক স্কলারশিপ প্রদান করা হচ্ছে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে স্টুডেন্ট সার্ভিস ফি ও স্বাস্থ্যবিমার খরচ শিক্ষার্থীদের আলাদাভাবে বহন করতে হতে পারে।
স্কলারশিপের প্রধান সুবিধাগুলো:
-
মাস্টার্স পর্যায়: নির্বাচিত মাস্টার্স শিক্ষার্থীরা বছরে প্রায় ৩৫ হাজার নিউজিল্যান্ড ডলার জীবনযাপনের ভাতা (স্টাইপেন্ড) এবং সম্পূর্ণ টিউশন ফি মওকুফের সুবিধা পাবেন।
-
পিএইচডি পর্যায়: ডক্টরাল বা পিএইচডি শিক্ষার্থীরা সর্বোচ্চ ৩৬ মাস (৩ বছর) পর্যন্ত সম্পূর্ণ টিউশন ফি ছাড় পাবেন। এর পাশাপাশি তারা বছরে প্রায় ৩৪ হাজার নিউজিল্যান্ড ডলারের বেশি ভাতা পাবেন।
আবেদনের যোগ্যতা ও পড়াশোনার ক্ষেত্র: বিশ্বের যেকোনো দেশের নাগরিক এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। মাস্টার্স স্তরে আবেদনের জন্য প্রার্থীকে থিসিস-ভিত্তিক প্রথম মাস্টার্স ডিগ্রিতে এবং পিএইচডির ক্ষেত্রে প্রথম ডক্টরাল ডিগ্রির জন্য ভর্তি হতে হবে।
বিশ্ববিদ্যালয়টিতে অ্যানাটমি, মেডিসিন, পাবলিক হেলথ, কম্পিউটার সায়েন্স, ফার্মাকোলজি, জিওলজি, গণিত, পদার্থবিজ্ঞান, মনোবিজ্ঞান, ফিন্যান্স এবং ম্যানেজমেন্টসহ বিভিন্ন ধরণের উন্নত গবেষণামূলক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা: আগ্রহী প্রার্থীদের ইউনিভার্সিটি অব ওটাগোর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। মাস্টার্স ও পিএইচডির জন্য আলাদা আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় সব শিক্ষাগত ও গবেষণামূলক নথিপত্র আপলোড করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্কলারশিপের আবেদনের দরজা সারা বছরই খোলা থাকে, ফলে শিক্ষার্থীরা তাদের সুবিধাজনক সময়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।



