কানাডার ভিসা ও ইমিগ্রেশন: আবেদন প্রক্রিয়ায় বিলম্ব এড়াতে জরুরি নির্দেশনা
মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা থেকে
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬
কানাডার বিভিন্ন ক্যাটাগরির ভিসা বা ইমিগ্রেশন কর্মসূচিতে আবেদন করার সময় আবেদনকারীদের আরও বেশি সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দেশটির ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC)। অসম্পূর্ণ তথ্য, প্রয়োজনীয় নথির ঘাটতি কিংবা আবেদনপত্র পূরণে সামান্য ভুলের কারণে অনেক সময় প্রক্রিয়াটি দীর্ঘ বিলম্বের মুখে পড়ে। এই অপ্রয়োজনীয় জটিলতা এড়াতে আবেদন জমা দেওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কানাডিয়ান কর্তৃপক্ষ।
আইআরসিসির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়ার গতি বাড়াতে আবেদনকারীদের জন্য বেশ কিছু জরুরি পরামর্শ দেওয়া হয়েছে।
অনলাইন আবেদন ও নির্ভুল তথ্য প্রদান কানাডা ইমিগ্রেশন কর্তৃপক্ষের মতে, আবেদনকারীদের সম্ভব হলে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা উচিত। আবেদনপত্রের প্রতিটি প্রশ্নের উত্তর সম্পূর্ণ, স্পষ্ট ও সত্য তথ্য দিয়ে পূরণ করতে হবে। কোনো প্রশ্ন যদি আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য না হয়, তবে সেই ঘরটি ফাঁকা না রেখে স্পষ্টভাবে ‘N/A’ (Not Applicable) লিখে দিতে হবে।
সঠিক নথি ও অনুমোদিত অনুবাদ সংযুক্তি পাসপোর্ট, ছবি, জন্মসনদ, ভাষা দক্ষতার পরীক্ষার ফলাফল (IELTS/CELPIP), আর্থিক স্বচ্ছলতার প্রমাণ এবং মেডিকেল নথিসহ চেকপয়েন্টে উল্লেখিত প্রয়োজনীয় সব কাগজপত্র নিখুঁতভাবে সংযুক্ত করতে হবে। নথিপত্রগুলো যদি ইংরেজি বা ফরাসি ভাষায় না থাকে, তবে অবশ্যই অনুমোদিত কোনো অনুবাদক (Certified Translator) দ্বারা অনুবাদ করিয়ে মূল কপির সাথে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ না থাকলে মূল বা আসল (Original) নথি পাঠানোর প্রয়োজন নেই, স্ক্যান কপি বা ফটোকপিই যথেষ্ট।
অতিরিক্ত নথি পরিহার ও যোগাযোগের তথ্য যাচাই কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, চেকলিস্টে শুধু যেসকল নথি চাওয়া হয়েছে, সেগুলোই জমা দেওয়া উচিত। অপ্রয়োজনীয় বা অতিরিক্ত নথি যুক্ত করলে তা আবেদন পর্যালোচনা প্রক্রিয়াকে আরও ধীরগতির করে তুলতে পারে। এছাড়া সরকারি নির্দেশনা বা সাইজ অনুযায়ী ছবি জমা দেওয়া, পরিবারের সকল সদস্যের সঠিক তথ্য উল্লেখ করা এবং ফোন নম্বর, ই-মেইল ও বর্তমান ঠিকানার মতো যোগাযোগের মাধ্যমগুলো পুনরায় যাচাই করে নেওয়া প্রয়োজন।
ফি ও স্বাক্ষরের বাধ্যবাধকতা আবেদনপত্রে সঠিক স্থানে স্বাক্ষর ও তারিখ দেওয়া হয়েছে কি না এবং ইমিগ্রেশন ফি সঠিকভাবে পরিশোধ করা হয়েছে কি না, তা জমা দেওয়ার আগেই নিশ্চিত করতে হবে। ফি পরিশোধের পদ্ধতিটি সঠিক ও বৈধ হওয়া বাধ্যতামূলক।
অতিরিক্ত তথ্য চাওয়ার সাথে সাথে সাড়া দেওয়া আবেদন পর্যালোচনার সময় আইআরসিসি যদি কোনো আবেদনকারীর কাছে অতিরিক্ত কোনো তথ্য বা নতুন কোনো নথিপত্র দাবি করে, তবে তা কোনো রকম দেরি না করে যত দ্রুত সম্ভব জমা দিতে হবে। এতে আবেদন নিষ্পত্তির প্রক্রিয়াটি অনেক দ্রুততর হয়।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, কানাডার ভিসা প্রসেসিংয়ে ছোট একটি ভুলও পুরো ফাইলটি বাতিল বা বছরের পর বছর আটকে থাকার কারণ হতে পারে। তাই আবেদনপত্রটি চূড়ান্তভাবে জমা দেওয়ার আগে পুরো ফাইলটি অন্তত দুইবার ভালোভাবে রিচেক বা যাচাই করা উচিত।
সূত্র: প্রথম আলো



