জাপানে সম্পূর্ণ অর্থায়নে লিডারশিপ প্রোগ্রাম, আবেদন শুরু

সানজিদা হক প্রমা

সানজিদা হক প্রমা

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬

এশিয়ার উদীয়মান ও তরুণ নেতাদের নেতৃত্ব গুণাবলী বিকাশের লক্ষ্যে জাপানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্পূর্ণ অর্থায়নের (Fully Funded) ‘আইএটিএসএস ফোরাম লিডারশিপ প্রোগ্রাম ২০২৭’।  আন্তর্জাতিক সংস্থা ‘আইএটিএসএস’ (International Association of Traffic and Safety Sciences) পরিচালিত ৮ সপ্তাহ মেয়াদি এই মর্যাদাপূর্ণ কোর্সে অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

এবারের লিডারশিপ প্রোগ্রামটি জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে।  এই প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য কোনো আবেদন ফি লাগবে না।  এছাড়া নির্বাচিতদের যাতায়াত, আবাসন এবং অধিকাংশ খাবারের খরচসহ প্রোগ্রাম সংশ্লিষ্ট যাবতীয় ব্যয় আইএটিএসএস কর্তৃপক্ষ সম্পূর্ণ বহন করবে।

সংস্থাটির অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ৮ সপ্তাহের এই কোর্সে অংশগ্রহণকারীরা নেতৃত্ব বিষয়ক বেসিক লেকচার এবং ওয়ার্কশপে অংশ নেবেন।  এছাড়া সামাজিক বিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন সেমিনারে অংশ নেওয়ার সুযোগ থাকবে।  মাঠপর্যায়ে পরিদর্শনের মাধ্যমে অংশগ্রহণকারীরা জাপানের টেকসই উন্নয়নের বাস্তব উদাহরণ সরাসরি দেখার এবং বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ পাবেন।  প্রোগ্রাম শেষে বিভিন্ন দেশ ও পেশার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত গ্রুপ রিসার্চের মাধ্যমে এশিয়ার টেকসই উন্নয়নের নানা বাস্তবসম্মত সমাধান উপস্থাপন করতে হবে।

সুযোগ-সুবিধা:

  • কোনো আবেদন ফি নেই।

  • প্রোগ্রামে অংশগ্রহণের সম্পূর্ণ খরচ কর্তৃপক্ষ বহন করবে।

  • বিমান টিকিটসহ যাবতীয় ভ্রমণ খরচ দেওয়া হবে।

  • আবাসন এবং প্রায় সব বেলার খাবারের খরচ অন্তর্ভুক্ত থাকবে।

আবেদনের যোগ্যতা:

  • আবেদনকারীকে অবশ্যই নির্দিষ্ট কিছু দেশের নাগরিক হতে হবে, যার মধ্যে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো অন্তর্ভুক্ত।

  • প্রার্থীর বয়স অবশ্যই ৩৫ বছর বা তার কম হতে হবে।

  • প্রার্থীকে বর্তমানে কোনো পেশাদার ক্ষেত্রে ফুল-টাইম কর্মী হিসেবে কর্মরত থাকতে হবে (ফ্রিল্যান্সাররাও আবেদনের যোগ্য)।

  • ন্যূনতম ২ বছরের ফুল-টাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে এবং কোনো ধরণের ব্যক্তিগত সাহায্য ছাড়াই স্বাধীনভাবে প্রোগ্রামের সব কর্মকাণ্ডে অংশ নেওয়ার সক্ষমতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নিজ দেশের জন্য নির্ধারিত অফিশিয়াল আবেদন ফর্মটি ডাউনলোড করে পূরণ করতে হবে।  ফর্মে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ভ্রমণ ইতিহাসের পাশাপাশি একটি নির্দিষ্ট বিষয়ের ওপর রচনা (Essay) লিখতে হবে।  এছাড়া ১টি সুপারিশপত্র (Recommendation Letter) এবং ইংরেজি দক্ষতার সার্টিফিকেটের কপি যুক্ত করে আবেদন সাবমিট করতে হবে।

আবেদনের শেষ সময়: আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত এই লিডারশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন।

আবাদেন করা যাবে-  https://www.iatssforum.jp/en/applications/ এই লিংকে