ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা
না জানলে বাতিল হতে পারে আবেদন
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৬
ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। সোমবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই নির্দেশনার কথা জানানো হয়। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো তার ঠিক পূর্ববর্তী কার্যদিবসে অনলাইনে প্রকাশ করা হবে।
নতুন এই নির্দেশনায় আবেদন আপলোড করার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি মেডিকেল ভিসার ক্ষেত্রেও বেশ কিছু কঠোর নিয়ম যুক্ত করা হয়েছে।
আবেদন ও স্লট বুকিংয়ের নতুন সময়সূচি
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা প্রত্যাশীদের এখন থেকে দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যেসব আবেদনকারী এই নির্দিষ্ট সময়ের মধ্যে সফলভাবে ওয়েবফাইল আপলোড করতে পারবেন, কেবল তাদের জন্যই বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের স্লট উন্মুক্ত করা হবে।
ফাইল আপলোডের ক্ষেত্রে কড়া সতর্কবার্তা
আইভ্যাক স্পষ্টভাবে জানিয়েছে যে, আপলোড করা ওয়েবফাইলটি অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের আসল পিডিএফ (PDF) কপি হতে হবে। এ ক্ষেত্রে নিচের বিষয়গুলো কঠোরভাবে বজায় চলতে হবে:
-
আবেদনপত্রটি কোনোভাবেই ৩০ দিনের বেশি পুরোনো হওয়া চলবে না।
-
কোনো ধরনের পরিবর্তিত, এডিট করা বা বিকৃত (Modified) ফাইল আপলোড করলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।
মেডিকেল ভিসায় বড় পরিবর্তন ও নিষেধাজ্ঞা
চিকিৎসা ভিসার (Medical Visa) ক্ষেত্রে আইভ্যাক বিশেষ ও অত্যন্ত কড়া নির্দেশনা দিয়েছে।
এখন থেকে মেডিকেল ভিসা পাওয়া আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করা নির্দিষ্ট হাসপাতালেই চিকিৎসা নিতে হবে। যে হাসপাতালের নাম ও কাগজপত্রের ভিত্তিতে ভিসা ইস্যু করা হয়েছে, তা পরিবর্তন করা যাবে না।
যদি কোনো বিশেষ কারণে হাসপাতাল পরিবর্তন করতেই হয়, তবে অবশ্যই ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO) থেকে পূর্ব অনুমতি নিতে হবে। এফআরআরও-এর অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন করাকে ভিসা নীতিমালার গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট আবেদনকারীর ভবিষ্যতে ভারতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি হতে পারে বলেও সতর্ক করেছে আইভ্যাক।



