এজেন্সি ছাড়া নিজেই করুন ভারতের মেডিকেল ভিসার আবেদন
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬
বিদেশে চিকিৎসার জন্য অনেকেই ভিসা আবেদনের ক্ষেত্রে এজেন্সির সহায়তা নেন। তবে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র প্রস্তুত থাকলে চাইলে নিজেই ভারতের মেডিকেল ভিসার আবেদন করা সম্ভব। এতে কিছুটা ধৈর্য, সময় এবং সঠিক প্রস্তুতি প্রয়োজন।
প্রথমেই রোগীর গত দুই থেকে তিন বছরের চিকিৎসাসংক্রান্ত নথিপত্র, যেমন – রিপোর্ট, প্রেসক্রিপশন ও মেডিকেল ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে। চিকিৎসার ধরন অনুযায়ী অন্তত ২০ থেকে ২৫টি সাম্প্রতিক নথি গুছিয়ে রাখা সুবিধাজনক। এরপর ভারতে যে হাসপাতালে চিকিৎসা করাতে চান, সেই হাসপাতাল এবং সংশ্লিষ্ট চিকিৎসক নির্বাচন করতে হবে।
পরবর্তী ধাপে রোগী ও অ্যাটেনডেন্টের পাসপোর্টের কপি এবং চিকিৎসাসংক্রান্ত নথি স্ক্যান করে পিডিএফ আকারে হাসপাতালের কাছে পাঠাতে হবে। সঙ্গে ইংরেজিতে একটি সংক্ষিপ্ত বার্তা যুক্ত করতে হবে, যেখানে রোগীর সমস্যার বিবরণ, সম্ভাব্য ভ্রমণের সময় এবং কোন চিকিৎসকের কাছে দেখাতে চান তা উল্লেখ থাকবে।
হাসপাতাল থেকে সাধারণত আমন্ত্রণপত্র বা মেডিকেল ইনভাইটেশন লেটার (অনেকে যাকে ‘আয়ুশ লেটার’ বলে থাকেন) পেতে কয়েক দিন থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এই চিঠি পাওয়ার পরই ভিসা আবেদন প্রক্রিয়া শুরু করা যায়।
ভিসা আবেদনের সময় সম্ভাব্য ভ্রমণের তারিখ হিসেবে অন্তত ৩০ দিন পরের কোনো তারিখ উল্লেখ করা সুবিধাজনক। কারণ অ্যাপয়েন্টমেন্ট স্লট পেতে অনেক সময় ১০ থেকে ১৫ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
এরপর ভারতীয় ভিসা আবেদন পোর্টালে রোগী ও অ্যাটেনডেন্টের নামে আলাদা অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করতে হবে। স্লট বুকিংয়ের সময় কখনো সার্ভার জটিলতা বা লগইন সমস্যার মুখোমুখি হতে হতে পারে। তাই ধৈর্য ধরে একাধিকবার চেষ্টা করার প্রয়োজন হতে পারে।
স্লট পাওয়ার পর নির্ধারিত সময়ে ভিসা সেন্টারে নথি জমা দিতে হয়। তাই আগে থেকেই ব্যাংক স্টেটমেন্ট, পাসপোর্ট, ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা গুরুত্বপূর্ণ। আগেভাগে সব নথি গুছিয়ে রাখলে আবেদন প্রক্রিয়া অনেক সহজ হয়ে যায়।
সংশ্লিষ্টরা বলছেন, সঠিক তথ্য ও নথিপত্র থাকলে কোনো এজেন্সির সহায়তা ছাড়াই নিজে নিজেই ভারতের মেডিকেল ভিসার আবেদন সম্পন্ন করা সম্ভব।



