শেংগেনভুক্ত যে দেশে গণভোটে হেরে গেল অভিবাসন নিয়ন্ত্রণের প্রস্তাব

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬

সুইজারল্যান্ডে জনসংখ্যা এক কোটির মধ্যে সীমাবদ্ধ রাখতে অভিবাসন নিয়ন্ত্রণের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা।  ডানপন্থি সুইস পিপলস পার্টি (ইউডিসি/এসভিপি) সমর্থিত এ প্রস্তাবের বিপক্ষে ৫৪ শতাংশের বেশি ভোট পড়েছে।

রোববার (১৪ জুন) অনুষ্ঠিত গণভোটের ফল প্রকাশের পর দেশটির সরকার, প্রধান রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও ব্যবসায়ী মহলে স্বস্তি দেখা দিয়েছে।  বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি পাস হলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সুইজারল্যান্ডের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক চাপে পড়তে পারত।

ফলাফল ঘোষণার পর দেশটির বিচার ও পুলিশমন্ত্রী বিট ইয়ান্স বলেন, ভোটাররা স্থিতিশীলতা, উন্মুক্ততা ও নির্ভরযোগ্যতার পক্ষে রায় দিয়েছেন।

ইউডিসির প্রস্তাব অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে সুইজারল্যান্ডের স্থায়ী জনসংখ্যা এক কোটির বেশি হতে পারবে না।  বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় ৯৫ লাখ এবং মোট জনসংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি বিদেশি নাগরিক।

প্রস্তাবটির সমর্থকেরা দাবি করেছিলেন, অভিবাসন নিয়ন্ত্রণ না করলে আবাসন সংকট, যানজট, জনসেবার ওপর চাপ এবং জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে।  তবে বিরোধীরা বলছেন, এ ধরনের পদক্ষেপ দেশটির অর্থনীতি ও শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারত।

বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি পাস হলে সুইজারল্যান্ডকে ইইউর সঙ্গে মানুষের অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি পুনর্বিবেচনা করতে হতে পারত, যা দেশটির রপ্তানি ও শ্রমবাজারে অনিশ্চয়তা তৈরি করত।

গণভোটে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৯ শতাংশ, যা সাম্প্রতিক বছরগুলোর গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।  রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিবাসন ও ইউরোপনীতি নিয়ে তীব্র বিতর্কের কারণেই ভোটারদের আগ্রহ বেড়েছিল।

তবে ভোটে পরাজিত হলেও ইউডিসির পক্ষে প্রায় ৪৫ শতাংশ ভোট পড়ায় অভিবাসন প্রশ্নে দেশটির জনগণের উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।