ইউনিসেফ ইন্টার্নশিপ পেতে যা জানা জরুরি
শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ; সিভি, কভার লেটার ও অনলাইন প্রোফাইল তৈরির পরামর্শ
সানজিদা হক প্রমা
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনিসেফের (ইউএনআইসিইএফ) ইন্টার্নশিপ কর্মসূচি বিশ্বের শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের কাছে অন্যতম আকর্ষণীয় সুযোগ হিসেবে বিবেচিত হয়। এ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব কর্মপরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি শিশু ও তরুণদের উন্নয়নে ইউনিসেফের বৈশ্বিক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পান।
সম্প্রতি ইউনিসেফ ইন্টার্নশিপে আবেদনকারীদের জন্য বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে। এতে আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং সিভি ও কভার লেটার তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে।
কারা আবেদন করতে পারবেন
ইউনিসেফের তথ্য অনুযায়ী, আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। তিনি স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী হতে পারেন অথবা গত দুই বছরের মধ্যে পড়াশোনা শেষ করেছেন—এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
এ ছাড়া ইংরেজি, ফরাসি বা স্প্যানিশ—ইউনিসেফের কার্যভাষাগুলোর অন্তত একটিতে দক্ষতা থাকতে হবে। আবেদনকারীর নিকটাত্মীয় ইউনিসেফে কর্মরত থাকলে বা সরাসরি তদারকি শৃঙ্খলে থাকলে তিনি আবেদন করতে পারবেন না।
যেসব কাগজপত্র প্রয়োজন
ইন্টার্নশিপের জন্য সাধারণত তিনটি নথি জমা দিতে হয়—
- অনলাইন রিক্রুটমেন্ট প্রোফাইল
- জীবনবৃত্তান্ত (সিভি/রেজ্যুমে)
- কভার লেটার
অনলাইন প্রোফাইল তৈরিতে যা গুরুত্ব দিতে হবে
ইউনিসেফের পরামর্শ অনুযায়ী, অনলাইন প্রোফাইল তথ্যসমৃদ্ধ হলেও সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক হতে হবে। শিক্ষা, দক্ষতা, অভিজ্ঞতা ও অর্জনগুলো স্পষ্টভাবে তুলে ধরতে হবে। অপ্রয়োজনীয় তথ্য পরিহার করে সংশ্লিষ্ট ইন্টার্নশিপের সঙ্গে মিল রয়েছে এমন বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে।
সিভি লেখার পরামর্শ
সিভির শুরুতে ৩ থেকে ৪ লাইনে নিজের মূল দক্ষতা ও অভিজ্ঞতার সারসংক্ষেপ দিতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, প্রশিক্ষণ, ভাষাজ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং অন্যান্য বিশেষ অর্জনের তথ্য যুক্ত করতে হবে।
কভার লেটারে কী লিখবেন
ইউনিসেফ বলছে, কভার লেটার হচ্ছে নিয়োগকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ। এতে আবেদনকারী কেন ওই পদে আগ্রহী এবং কীভাবে প্রতিষ্ঠানকে অবদান রাখতে পারবেন, তা সংক্ষেপে তুলে ধরতে হবে।
কভার লেটার সাধারণত এক পৃষ্ঠার বেশি না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা এবং আবেদন করার প্রেরণা উল্লেখ করতে হবে।
আবেদন করবেন যেভাবে
ইউনিসেফের ক্যারিয়ার ওয়েবসাইটে সারা বছর বিভিন্ন ইন্টার্নশিপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগ্রহী প্রার্থীরা পছন্দের পদ নির্বাচন করে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া শুরু করার পর প্রয়োজন হলে তা সংরক্ষণ করে পরে আবার সম্পন্ন করার সুযোগও রয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন জমা দেওয়ার পর প্রার্থীরা নিশ্চিতকরণ ই-মেইল পাবেন। তবে বিপুলসংখ্যক আবেদনের কারণে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।
ইন্টার্নদের কি ভাতা দেওয়া হয়?
ইউনিসেফ জানিয়েছে, সব ইন্টার্নই জীবনযাত্রার ব্যয়ের জন্য ভাতা পাওয়ার অধিকারী। এছাড়া অর্থায়ন উপলব্ধ থাকলে যাতায়াত ও ভিসা ব্যয়ের জন্য এককালীন আর্থিক সহায়তাও দেওয়া হতে পারে।
ইন্টার্নশিপের মেয়াদ কতদিন?
সাধারণত ইউনিসেফের ইন্টার্নশিপ ৬ থেকে ২৬ সপ্তাহ পর্যন্ত হয়ে থাকে। অধিকাংশ ইন্টার্নশিপ পূর্ণকালীন হলেও কিছু ক্ষেত্রে খণ্ডকালীন বা দূরবর্তী (রিমোট) ভিত্তিতেও কাজ করার সুযোগ থাকে।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ইন্টার্নশিপ কর্মসূচি হিসেবে বিবেচিত ইউনিসেফ ইন্টার্নশিপ শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



