গবেষকদের জন্য সুখবর, অস্ট্রিয়ায় দুই বছরের ফেলোশিপে আবেদন শুরু
সানজিদা হক প্রমা
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬
আন্তর্জাতিক গবেষণায় ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ গবেষকদের জন্য সুখবর। অস্ট্রিয়ার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অস্ট্রিয়া (আইএসটিএ) ২০২৬ সালের জন্য সম্পূর্ণ অর্থায়নে পোস্টডক্টরাল ফেলোশিপের আবেদন আহ্বান করেছে। নির্বাচিত গবেষকরা দুই বছরের জন্য পূর্ণকালীন চাকরির সুযোগ পাবেন এবং বছরে ন্যূনতম ৭৩ হাজার ৫০০ ইউরো বেতনসহ বিভিন্ন সুবিধা ভোগ করবেন।
আইএসটিএ-ফেলো কর্মসূচি একটি বহুবিষয়ক গবেষণা উদ্যোগ। এতে প্রাকৃতিক বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, গণিত এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের গবেষকরা অংশগ্রহণের সুযোগ পাবেন। ফেলোরা আন্তর্জাতিক পরিবেশে শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও গবেষকদের সঙ্গে কাজ করার পাশাপাশি আধুনিক গবেষণা অবকাঠামো ব্যবহারের সুযোগ পাবেন।
ফেলোশিপের আওতায় ভ্রমণ ব্যয়, গবেষণা উপকরণ, সদস্যপদ ফি, সম্মেলনে অংশগ্রহণের খরচ, বিশেষ গবেষণা ইউনিট ব্যয় এবং অন্যান্য সেবামূলক খরচ বহন করবে আয়োজক প্রতিষ্ঠান। পাশাপাশি নির্বাচিত গবেষকরা পূর্ণ সামাজিক নিরাপত্তা সুবিধাও পাবেন।
আইএসটিএ ক্যাম্পাসে শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধা রয়েছে। এছাড়া গবেষকদের অস্ট্রিয়ার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে জার্মান ভাষা শেখার কোর্সও পরিচালনা করা হয়। গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিতে আধুনিক বৈজ্ঞানিক কম্পিউটিং, ইমেজিং ও অপটিকস, ইলেকট্রন মাইক্রোস্কপি, ন্যানোফ্যাব্রিকেশন, এনএমআর সুবিধাসহ অত্যাধুনিক গবেষণা সরঞ্জাম রয়েছে।
যোগ্যতা
আবেদনকারীর গবেষণার ক্ষেত্র আইএসটিএর গবেষণা কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আবেদনকারীদের পিএইচডি ডিগ্রি সম্পন্ন থাকতে হবে অথবা ফেলোশিপ শুরু হওয়ার আগে, অর্থাৎ ১৫ জুন ২০২৭-এর মধ্যে পিএইচডি সম্পন্ন করার সম্ভাবনা থাকতে হবে। তবে ১ সেপ্টেম্বর ২০২৬-এর আগে আইএসটিএতে কর্মরত গবেষকেরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন না।
যেসব নথি লাগবে
আবেদনের সঙ্গে গবেষণা প্রস্তাবনা, জীবনবৃত্তান্ত (সিভি), একাডেমিক সারসংক্ষেপ, মোটিভেশন স্টেটমেন্ট, নৈতিকতা মূল্যায়ন ফরম, তিনটি সুপারিশপত্র এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি জমা দিতে হবে। পিএইচডি সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট আবেদন পর্যায়ে ঐচ্ছিক।
আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে অনলাইনে অ্যাকাউন্ট খুলে নিবন্ধন করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, কর্ম-অভিজ্ঞতা, গবেষণা প্রকল্পের বিবরণ এবং সম্ভাব্য সুপারভাইজারের তথ্য যুক্ত করে আবেদন সম্পন্ন করতে হবে। সব তথ্য যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তথ্য
- স্বাগতিক দেশ: অস্ট্রিয়া
- প্রতিষ্ঠান: ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অস্ট্রিয়া (আইএসটিএ)
- কর্মসূচি: পোস্টডক্টরাল ফেলোশিপ
- মেয়াদ: ২ বছর
- অর্থায়ন: সম্পূর্ণ অর্থায়িত
- বার্ষিক বেতন: ন্যূনতম ৭৩,৫০০ ইউরো
- আবেদন শেষ: ৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক মানের গবেষণা পরিবেশে কাজ করার পাশাপাশি ইউরোপে গবেষণা ক্যারিয়ার গড়ার জন্য এটি তরুণ গবেষকদের জন্য একটি আকর্ষণীয় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।



