স্পেনে অভিবাসন বৈধকরণের জন্য প্রায় ১০ লাখ আবেদন

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬

স্পেনে নথিপত্রবিহীন অভিবাসীদের বৈধ মর্যাদা দেওয়ার একটি সরকারি কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে।  দেশটির অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৯ লাখের বেশি আবেদন জমা পড়েছে, যা প্রাথমিক প্রত্যাশার তুলনায় দ্বিগুণেরও বেশি।

প্রথমে ধারণা করা হয়েছিল, এ কর্মসূচিতে প্রায় ৫ লাখ আবেদন আসতে পারে।  তবে বাস্তবে সেই সংখ্যা ১০ লাখের কাছাকাছি পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছে শরণার্থী সহায়তা সংস্থা সিয়ার (সিইএআর)।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নথিবিহীন অভিবাসীদের স্পেনের আনুষ্ঠানিক শ্রমবাজারে অন্তর্ভুক্ত করা।  ইউরোপের অনেক দেশ যেখানে অভিবাসন নীতি কঠোর করেছে, সেখানে স্পেন তুলনামূলকভাবে উন্মুক্ত নীতি গ্রহণ করেছে।

অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রায় ৩ লাখ ৬০ হাজার অস্থায়ী কাজের অনুমতিপত্র দেওয়া হয়েছে, যা মোট আবেদনের প্রায় ৪০ শতাংশ।  অনুমোদন পাওয়া ব্যক্তিরা সঙ্গে সঙ্গেই কাজ শুরু করতে পারছেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে শ্রমঘাটতি পূরণ এবং অর্থনীতিকে আরও গতিশীল করার চেষ্টা চলছে।  বিশেষ করে আতিথেয়তা, পরিচর্যা এবং সামাজিক সুরক্ষা খাতে অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তবে দেশটিতে দীর্ঘদিন ধরেই অভিবাসন ব্যবস্থার জটিলতা ও আবেদন নিষ্পত্তিতে বিলম্ব রয়েছে।  অনেক ক্ষেত্রে আশ্রয় আবেদনগুলোর বড় অংশ প্রত্যাখ্যাত হওয়ায় হাজারো অভিবাসী অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।

বিশ্লেষকদের মতে, এই বৈধকরণ উদ্যোগ স্পেনের শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেললেও দীর্ঘমেয়াদি নীতি সংস্কার ছাড়া সমস্যার স্থায়ী সমাধান কঠিন হবে।