ইইউর নতুন অভিবাসন নীতি কার্যকর, সীমান্তে বাড়ছে কড়াকড়ি

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন অ্যাসাইলাম অ্যান্ড মাইগ্রেশন প্যাক্ট ১২ জুন থেকে কার্যকর হয়েছে।  নতুন এ নীতির আওতায় অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ, আশ্রয় আবেদন দ্রুত নিষ্পত্তি এবং প্রত্যাখ্যাত আবেদনকারীদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, বৈধ ভিসা বা আবাসনের অনুমতি ছাড়া ইইউতে প্রবেশ করে আশ্রয় আবেদন করলে আবেদনকারীকে সীমান্তেই নিবন্ধন, পরিচয় যাচাই, নিরাপত্তা এবং স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।  যেসব আবেদনকারীর আশ্রয় পাওয়ার সম্ভাবনা কম বলে বিবেচিত হবে, তাদের আবেদন সীমান্তেই দ্রুত নিষ্পত্তি করা হবে।  প্রয়োজন হলে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও নেওয়া হবে।

অভিবাসনবিষয়ক সংবাদমাধ্যম ইনফো মাইগ্রেন্টস জানিয়েছে, নতুন ব্যবস্থায় কোনো সদস্যরাষ্ট্র আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করে দেশত্যাগের নির্দেশ দিলে তা পুরো ইউরোপীয় ইউনিয়নে কার্যকর হবে।  একই সঙ্গে অনিয়মিতভাবে প্রবেশকারীদের আঙুলের ছাপের পাশাপাশি মুখের বায়োমেট্রিক তথ্যও সংরক্ষণ করা হবে।

ইইউর দাবি, নতুন নীতির উদ্দেশ্য হলো সীমান্ত নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করা, অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিত করা এবং সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে আশ্রয়প্রার্থীদের দায়িত্ব আরও সুষমভাবে বণ্টন করা।

তবে মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করে বলেছে, নতুন নিয়মের ফলে আশ্রয়প্রার্থীদের জন্য ইউরোপে প্রবেশ এবং আন্তর্জাতিক সুরক্ষা পাওয়ার পথ আরও কঠিন হয়ে উঠতে পারে।

বিশ্লেষকদের মতে, নতুন এই নীতি ইউরোপে অনিয়মিত অভিবাসন কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।  তবে এর বাস্তব প্রয়োগ এবং মানবাধিকার সুরক্ষার বিষয়টি আগামী দিনগুলোতে নিবিড়ভাবে পর্যবেক্ষণের প্রয়োজন হবে।