টিউশন ফি ছাড়াই জার্মানিতে পড়ার সুযোগ, আবেদন শুরু
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬
উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন অনেক বাংলাদেশি শিক্ষার্থী। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে সেই স্বপ্ন অনেক সময় অধরাই থেকে যায়। এমন শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে জার্মানির মর্যাদাপূর্ণ ডাড (ডিএএডি) বৃত্তি কর্মসূচি।
২০২৭ শিক্ষাবর্ষের জন্য জার্মানির ইউনিভার্সিটি অব গটিঙ্গেন আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে আবেদন আহ্বান করেছে। সম্পূর্ণ অর্থায়নভিত্তিক এই বৃত্তির আওতায় বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী ও গবেষণামুখী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ সুযোগের জন্য যোগ্য।
যেসব সুবিধা মিলবে
নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়াই জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। বৃত্তির আওতায় থাকছে—
- মাস্টার্স শিক্ষার্থীদের জন্য মাসিক প্রায় ৯৩৪ ইউরো ভাতা
- পিএইচডি শিক্ষার্থীদের জন্য মাসিক প্রায় ১ হাজার ৩০০ ইউরো ভাতা
- স্বাস্থ্য, দুর্ঘটনা ও দায়বদ্ধতা বিমা সুবিধা
- নির্দিষ্ট শর্তে বিমান ভাড়া সহায়তা
- আবাসন ও পারিবারিক ভাতার সুযোগ
- আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে কাজ করার সুযোগ
আবেদন করতে প্রয়োজন হবে
আবেদনের সময় শিক্ষার্থীদের নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে—
- পূরণকৃত অনলাইন আবেদনপত্র
- হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)
- ইংরেজি ভাষা দক্ষতার সনদ
- মোটিভেশন লেটার
- দুটি সুপারিশপত্র
- পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি
- ব্যক্তিগত বিবৃতি
কারা আবেদন করতে পারবেন
বৃত্তির জন্য আবেদনকারীদের—
- আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে
- মাস্টার্সে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে
- পিএইচডিতে আবেদনের জন্য মাস্টার্স ডিগ্রি থাকতে হবে
- ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে
- গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আগ্রহী হতে হবে
- টেকসই উন্নয়নসংক্রান্ত বিষয়ে আগ্রহ থাকতে হবে
- সংশ্লিষ্ট প্রোগ্রামের চাহিদা অনুযায়ী ইংরেজি বা জার্মান ভাষায় দক্ষতা থাকতে হবে
আবেদন পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে ডাডের নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এরপর ইউনিভার্সিটি অব গটিঙ্গেনের অনলাইন আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। আবেদন যাচাই শেষে ফলাফল ই-মেইলের মাধ্যমে জানানো হবে।
আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৬।



