কম খরচে লন্ডনে পড়ার সুযোগ, আবেদন ১৬ আগস্ট পর্যন্ত

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬

যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘বার্কবেক ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ ২০২৬’ ঘোষণা করেছে বার্কবেক, ইউনিভার্সিটি অব লন্ডন।  এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা প্রথম বছরের টিউশন ফির ওপর ১ হাজার থেকে ৫ হাজার পাউন্ড পর্যন্ত ছাড় পাবেন।

স্নাতক ও স্নাতকোত্তর—উভয় পর্যায়ের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।  তবে এটি পূর্ণ অর্থায়নের (ফুল-ফান্ডেড) বৃত্তি নয়।  বৃত্তিটি কেবল টিউশন ফির একটি অংশ কমিয়ে দেয়; আবাসন, জীবনযাত্রার ব্যয়, বিমান ভাড়া কিংবা ভিসা খরচ এর আওতায় থাকবে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীদের আন্তর্জাতিক বা ‘ওভারসিজ’ ফি-প্রদানকারী শিক্ষার্থী হতে হবে এবং ২০২৬ সালের শরৎকালীন সেশনের কোনো পূর্ণকালীন কোর্সে নিঃশর্ত (Unconditional) ভর্তি প্রস্তাব পেতে হবে।  মূলত প্রথমবারের মতো বার্কবেকে ভর্তি হতে যাওয়া শিক্ষার্থীরাই এ বৃত্তির জন্য বিবেচিত হবেন।

যেভাবে বৃত্তি দেওয়া হবে

স্কলারশিপের অর্থ সরাসরি শিক্ষার্থীদের হাতে দেওয়া হবে না।  ভর্তি হওয়ার সময় টিউশন ফি থেকে নির্ধারিত পরিমাণ অর্থ সমন্বয় করা হবে।

শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতা, সম্ভাবনা এবং সামগ্রিক আবেদন মূল্যায়নের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হবে।  বৃত্তিপ্রাপ্তদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রচারণামূলক ও শিক্ষার্থী-সম্পৃক্ত কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগও থাকতে পারে।

যা জানা জরুরি

আবেদনকারীদের অবশিষ্ট টিউশন ফি এবং যুক্তরাজ্যে বসবাসের খরচ বহনের সক্ষমতার প্রমাণ বা পরিকল্পনা দেখাতে হবে।  কারণ এই বৃত্তি মূলত স্ব-অর্থায়িত (Self-funded) শিক্ষার্থীদের জন্য প্রণয়ন করা হয়েছে।

বর্তমান শিক্ষার্থী, অন্য কোনো সরকারি বা বেসরকারি পূর্ণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং শর্ট কোর্সে অধ্যয়নরতরা এই সুবিধার আওতায় আসবেন না।

আবেদনের সময়সীমা

২০২৬ সালের এই স্কলারশিপের জন্য একাধিক ধাপে আবেদন গ্রহণ করা হচ্ছে।  নিকটতম আবেদনের শেষ সময় ১৯ জুলাই ২০২৬।  এরপর চূড়ান্ত আবেদন জমা দেওয়া যাবে ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে।  অন্যথায় বৃত্তির সুযোগ বাতিল হতে পারে।

যুক্তরাজ্যে তুলনামূলক কম খরচে উচ্চশিক্ষার সুযোগ খুঁজছেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ আকর্ষণীয় একটি সুযোগ হতে পারে।

 

ওয়েবসাইট লিংক: