এক দশকে দ্বিগুণ বিদেশগামী শিক্ষার্থী, তিন গুণ বেড়েছে ব্যয়

১০ মাসে ব্যয় ৭৩ কোটি ডলার, বছর শেষে ছাড়াতে পারে ১০০ কোটির মাইলফলক

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬

উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বৈধ পথে বিদেশে পাঠানো অর্থের পরিমাণও।  চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) উচ্চশিক্ষা ব্যয় বাবদ বিদেশে পাঠানো হয়েছে ৭৩ কোটি ৬ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার কোটি টাকার সমান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে এ খাতে ব্যয় ছিল ২১ কোটি ৮০ লাখ ডলার।  মাত্র ছয় বছরের ব্যবধানে সেই ব্যয় তিন গুণেরও বেশি বেড়েছে।  গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে উচ্চশিক্ষা খাতে বৈদেশিক মুদ্রা প্রেরণ বেড়েছে প্রায় ৩৮ শতাংশ।

সংশ্লিষ্টদের ধারণা, অর্থবছরের বাকি দুই মাসের হিসাব যুক্ত হলে বিদেশে উচ্চশিক্ষা ব্যয় ১০০ কোটি ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে।  এ পরিমাণ অর্থ দেশের ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট বার্ষিক বরাদ্দের কাছাকাছি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ ছিল ১০ হাজার ৮০২ কোটি টাকা।  বর্তমানে এসব বিশ্ববিদ্যালয়ে প্রায় তিন লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

বাড়ছে বিদেশমুখী শিক্ষার্থীর সংখ্যা

ইউনেস্কোর ‘গ্লোবাল ফ্লো অব টারশিয়ারি লেভেল স্টুডেন্টস’ শীর্ষক প্রতিবেদনের তথ্য বলছে, ২০২৩ সালে বাংলাদেশ থেকে ৫২ হাজার ৭৯৯ শিক্ষার্থী বিশ্বের ৫৫টি দেশে উচ্চশিক্ষার জন্য গেছেন।  ২০১৩ সালে এ সংখ্যা ছিল ২৪ হাজার ১১২। অর্থাৎ এক দশকে বিদেশগামী শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।

জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া

উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য এখন মালয়েশিয়া।  দেশটির শিক্ষা বিষয়ক সংস্থা ‘এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস’-এর তথ্য অনুযায়ী, বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ৪০১ জন বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

সংশ্লিষ্টরা বলছেন, তুলনামূলক কম খরচ, সহজ ভিসা প্রক্রিয়া এবং আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থার কারণে মালয়েশিয়ার প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে।

যুক্তরাষ্ট্রেও বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থী

‘ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ ২০২৫’-এর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ২০ হাজার ১৫৬ জনে পৌঁছেছে।  আগের শিক্ষাবর্ষের তুলনায় এ সংখ্যা প্রায় ১৮ শতাংশ বেশি।

বিশেষজ্ঞদের মত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর মতে, দেশে উচ্চশিক্ষার পর্যাপ্ত সুযোগ ও সক্ষমতা না বাড়ানোর কারণেই বিদেশমুখী শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে।  অন্যদিকে বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী মনে করেন, শিক্ষার পাশাপাশি উন্নত ভবিষ্যৎ ও স্থায়ীভাবে বিদেশে বসবাসের আকাঙ্ক্ষাও এ প্রবণতার অন্যতম কারণ।

বিশেষজ্ঞদের মতে, দেশে মানসম্মত উচ্চশিক্ষা, গবেষণা সুযোগ এবং কর্মসংস্থানের পরিবেশ আরও উন্নত না হলে বিদেশমুখী শিক্ষার্থী ও বৈদেশিক মুদ্রার বহির্গমন আগামী বছরগুলোতেও বাড়তে থাকবে।