তরুণ সাংবাদিকদের জন্য আন্তর্জাতিক ফেলোশিপ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬
বিশ্বের বিভিন্ন দেশের তরুণ সাংবাদিকদের জন্য ‘ইয়াং জার্নালিস্টস প্রোগ্রাম ২০২৬’-এর আবেদন আহ্বান করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত অংশগ্রহণকারীরা ডোমিনিকান রিপাবলিকে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১ থেকে ৪ ডিসেম্বর ডোমিনিকান রিপাবলিকের পুন্তা কানায় অনুষ্ঠিত হবে ‘ইন্টারন্যাশনাল অ্যান্টি-করাপশন কনফারেন্স (আইএসিসি) ২০২৬’। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১০ জন তরুণ সাংবাদিককে নির্বাচন করা হবে।
এই কর্মসূচিতে ডিজিটাল, প্রিন্ট, টেলিভিশন, রেডিও ও মাল্টিমিডিয়া—সব ধরনের গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা আবেদন করতে পারবেন। অংশগ্রহণকারীরা দুর্নীতিবিরোধী বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ, অধিকারকর্মী ও আন্তর্জাতিক নেতাদের সঙ্গে মতবিনিময় এবং সাক্ষাৎকার গ্রহণের সুযোগ পাবেন।
নির্বাচিত সাংবাদিকদের যাতায়াত ও থাকা-খাওয়ার সম্পূর্ণ ব্যয় বহন করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এর মধ্যে রয়েছে ডোমিনিকান রিপাবলিকে যাওয়া-আসার বিমানভাড়া, পাঁচ রাতের আবাসন, খাবার এবং ভিসা প্রক্রিয়াকরণ ব্যয়ের ফেরত সুবিধা।
আবেদনের জন্য প্রার্থীদের বর্তমানে সাংবাদিক হিসেবে কর্মরত থাকতে হবে এবং সামাজিক, রাজনৈতিক অথবা অর্থনৈতিক বিষয়ে প্রতিবেদন তৈরির অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ৬ ডিসেম্বর ২০২৬ তারিখে ৩৫ বছরের কম হতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে এবং দুর্নীতিবিরোধী বিষয়ে কাজ করার আগ্রহ থাকতে হবে।
আবেদনকারীদের সম্মেলন শেষে অন্তত একটি প্রতিবেদন তৈরি করার প্রস্তুতি থাকতে হবে এবং কোনো গণমাধ্যমে তা প্রকাশ বা প্রচারের সুযোগ নিশ্চিত করতে হবে।
আবেদনের সময় ব্যক্তিগত তথ্য, কর্মক্ষেত্র, সাম্প্রতিক ৩ থেকে ৫টি কাজের নমুনা, জীবনবৃত্তান্ত (সিভি) এবং প্রাসঙ্গিক অভিজ্ঞতার তথ্য জমা দিতে হবে।
ইয়াং জার্নালিস্টস প্রোগ্রাম ২০২৬-এ আবেদনের শেষ সময় ১৫ জুলাই ২০২৬।



