কানাডায় অ্যাসাইলাম আবেদনে বড় পতন

কঠোর নীতিতে কমেছে ৮৪ শতাংশ আবেদন

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬

কানাডায় ভিজিট, স্টুডেন্ট ও ওয়ার্ক পারমিটধারীদের করা অ্যাসাইলাম (রাজনৈতিক আশ্রয়) আবেদনের সংখ্যা গত দুই বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিলের তুলনায় ২০২৬ সালের এপ্রিল মাসে এ ধরনের আবেদন ৮৪ শতাংশ হ্রাস পেয়েছে।

ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) জানিয়েছে, ২০২৪ সালের এপ্রিল মাসে অস্থায়ী ভিসাধারীদের কাছ থেকে ১০ হাজার ৯৫টি অ্যাসাইলাম আবেদন জমা পড়েছিল। ২০২৬ সালের একই সময়ে সেই সংখ্যা নেমে এসেছে ১ হাজার ৫৮০টিতে।

বিশ্লেষকদের মতে, কানাডা সরকারের সাম্প্রতিক কঠোর অভিবাসন নীতি এবং আবেদন যাচাই-বাছাই প্রক্রিয়া জোরদার করার ফলে এ পরিবর্তন এসেছে। বর্তমানে ভিজিট বা স্টুডেন্ট ভিসায় প্রবেশ করে পরবর্তীতে অ্যাসাইলাম আবেদন করা আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে পড়েছে।

গত ২৬ মার্চ কার্যকর হওয়া ‘Strengthening Canada’s Immigration System and Borders Act’ (Bill C-12)-এর আওতায় অ্যাসাইলাম পাওয়ার যোগ্যতার শর্ত আরও কঠোর করা হয়েছে। বিশেষ করে কানাডায় প্রবেশের দীর্ঘ সময় পর আশ্রয়ের আবেদন করলে তা নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে।

এ ছাড়া সাময়িক ভিসা প্রদানের ক্ষেত্রেও কঠোর স্ক্রিনিং ব্যবস্থা চালু হয়েছে। ভিসা আবেদনের সময় দেওয়া তথ্য ও পরবর্তীতে অ্যাসাইলাম আবেদনের তথ্যের মধ্যে অসঙ্গতি পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

সরকার অ্যাসাইলাম প্রক্রিয়াকে আরও কার্যকর করতে ডিজিটাল আবেদন ব্যবস্থা ও নির্দিষ্ট সময়সীমা চালু করেছে। এর ফলে অযোগ্য বা দুর্বল আবেদন দ্রুত শনাক্ত করে নিষ্পত্তির সুযোগ তৈরি হয়েছে।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, কানাডা এখন আশ্রয় ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও বিশ্বাসযোগ্য করতে কাজ করছে, যাতে প্রকৃত ঝুঁকিতে থাকা ব্যক্তিরাই আন্তর্জাতিক সুরক্ষা পাওয়ার সুযোগ পান। তাদের মতে, ভবিষ্যতে নতুন আইন ও নীতিমালার মাধ্যমে অ্যাসাইলাম ব্যবস্থায় আরও নিয়ন্ত্রণ আসতে পারে।

সূত্র: প্রথম আলো