দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬

বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) মাধ্যমে আবেদন জমা নেওয়া হবে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকায় দায়িত্ব গ্রহণের পর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি, যা আগামী ২৮ জুন, রবিবার থেকে জমা দেওয়া যাবে।” তবে মানবিক বিবেচনায় জরুরি মেডিকেল ভিসা কার্যক্রম আগের মতোই চলমান থাকবে বলে জানান তিনি।

হাই কমিশনার বলেন, প্রথম ধাপে পাঁচটি ভিসা সেন্টারে আবেদন গ্রহণ করা হলেও পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরের ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এ কার্যক্রম চালু করা হবে। এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে ভিসা কার্যক্রম আরও সীমিত হয়ে পড়ে। এরপর থেকে মূলত মেডিকেল ও জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ ট্যুরিস্ট ভিসা কার্যক্রম বন্ধ ছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ধানমন্ডিতে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র এবং দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র হামলা ও ভাঙচুরের শিকার হয়। নিরাপত্তাজনিত কারণে ভারতীয় হাই কমিশন ভিসা কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছিল।

তবে এই সময়েও চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজন বিবেচনায় ভারত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর ভিসা কেন্দ্রগুলো চালু রেখেছিল। প্রতিদিন প্রায় দেড় হাজারের বেশি মেডিকেল, ব্যবসা ও অন্যান্য শ্রেণির ভিসা ইস্যু করা হয়েছে বলে জানানো হয়।

দীর্ঘদিন ধরে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় চিকিৎসা, ব্যবসা ও ব্যক্তিগত প্রয়োজনে ভারতে যেতে ইচ্ছুক অনেক বাংলাদেশিকে ভোগান্তিতে পড়তে হয়। নতুন করে ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণায় তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

দায়িত্ব গ্রহণের দিনই এ ঘোষণা দিতে পেরে সন্তোষ প্রকাশ করে দীনেশ ত্রিবেদী বলেন, “এটা আমাদের জন্য ভালো, এখানকার মানুষের জন্য ভালো। এটা সবার পাওনা ছিল। আশা করি সাধারণ মানুষও এতে খুশি হবে।”

বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাই কমিশনারের এই ঘোষণাকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।