৬ দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বাড়ালো আমিরাত

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অন-অ্যারাইভাল ভিসা সুবিধার আওতা আরও সম্প্রসারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরা এখন নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আমিরাতে পৌঁছেই ভিসা নিতে পারবেন।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সাধারণ পাসপোর্টধারী এসব দেশের নাগরিকরা ১৪ দিন অথবা ৬০ দিনের অন-অ্যারাইভাল ভিসা পাবেন। একই সুবিধা তাদের সঙ্গে ভ্রমণকারী পরিবারের সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

তবে এই সুবিধা পেতে আবেদনকারীদের অবশ্যই যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা কানাডা কর্তৃক প্রদত্ত বৈধ আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্স পারমিট) থাকতে হবে।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা এবং অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পর্যটন, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষ জনশক্তি আকর্ষণে দেশটির প্রচেষ্টার অংশ হিসেবেও এ উদ্যোগকে দেখা হচ্ছে।

ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) জানিয়েছে, ১৪ দিনের ভিসা একবার নবায়নের সুযোগ থাকবে। তবে ৬০ দিনের ভিসা এককালীন অবস্থানের জন্য দেওয়া হবে এবং এটি নবায়নযোগ্য নয়।

নির্ধারিত মেয়াদ শেষে দেশ ত্যাগ না করলে প্রতিদিন ৫০ দিরহাম হারে জরিমানা গুনতে হবে বলেও জানিয়েছে আইসিপি।

ভিসা ফি হিসেবে ১৪ দিনের ভিসার জন্য ১০০ দিরহাম এবং ৬০ দিনের ভিসার জন্য ২৫০ দিরহাম নির্ধারণ করা হয়েছে।

নতুন এই পদক্ষেপের মাধ্যমে আমিরাত আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য প্রবেশ প্রক্রিয়া আরও সহজ করতে এবং বৈশ্বিক পর্যটন ও বিনিয়োগের অন্যতম কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায়।