ভারতের ট্যুরিস্ট ভিসা চালু!

ভারতের ট্যুরিস্ট ভিসায় বড় পরিবর্তন, জেনে নিন নতুন নিয়মগুলো

ভিসা পেতে এখন কী কী লাগবে?

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। আগামী ২৮ জুন থেকে নতুন নিয়মে আবেদন গ্রহণ শুরু হবে। ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার এই ঘোষণা দিয়েছেন।

এবার ভিসা আবেদনের পুরো প্রক্রিয়ায় আনা হয়েছে বড় পরিবর্তন। আবেদনকারীদের অনলাইনে ফর্ম পূরণ, ওয়েবফাইল আপলোড এবং আবেদন জমা দেওয়ার আগের দিন বাধ্যতামূলকভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে।

দেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা—এই পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)-এ ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা হবে।

যেভাবে আবেদন করবেন

প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ভিসা আবেদন ফর্ম পূরণ করতে হবে। এরপর ফর্মটি ডাউনলোড করে ওয়েবফাইল হিসেবে আপলোড করতে হবে।

প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইনআপ ও ওয়েবফাইল আপলোড করা যাবে। সফলভাবে ওয়েবফাইল আপলোড করা আবেদনকারীরা বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করার সুযোগ পাবেন।

প্রতিদিন সন্ধ্যা ৬টায় পরবর্তী দিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হবে। প্রয়োজন হলে একবার অ্যাপয়েন্টমেন্ট পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে।

আবেদন করতে যেসব কাগজপত্র লাগবে

  • কমপক্ষে ৬ মাস মেয়াদসম্পন্ন মূল পাসপোর্ট এবং পূর্বের সব পাসপোর্ট
  • সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি
  • জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি
  • আবাসনের প্রমাণ হিসেবে ইউটিলিটি বিল
  • পেশার প্রমাণ (চাকরিজীবীদের জন্য নিয়োগপত্র/এনওসি, শিক্ষার্থীদের আইডি কার্ড, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স)
  • আর্থিক সক্ষমতার প্রমাণ (১৫০ মার্কিন ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট, ক্রেডিট কার্ডের কপি অথবা ব্যাংক স্টেটমেন্ট)
  • অনলাইন ভিসা আবেদনপত্রের রেজিস্ট্রেশন নম্বর এবং ছবি আপলোডের তথ্য

কত টাকা লাগবে?

ভারত সরকার ট্যুরিস্ট ভিসার জন্য কোনো ভিসা ফি নেয় না। তবে আবেদন প্রক্রিয়াকরণ বাবদ আইভ্যাককে ১,৫০০ টাকা সার্ভিস চার্জ অনলাইনে পরিশোধ করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে এসএমএসের মাধ্যমে আবেদনকারীকে পাসপোর্ট সংগ্রহের তথ্য জানানো হবে।

দীর্ঘ বিরতির পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ায় বাংলাদেশি পর্যটকদের জন্য দেশটিতে ভ্রমণ সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এটি দুই দেশের পর্যটন, বাণিজ্য ও পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করবে।