ফুল-ফ্রি স্কলারশিপে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের সুযোগ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ‘উইডেনফেল্ড-হফম্যান স্কলারশিপ’ (Weidenfeld-Hoffmann Scholarships and Leadership Programme)-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি, জীবনযাত্রার ব্যয়সহ বিভিন্ন সুবিধা পাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়টি সিভিল ল, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক পলিসি, অ্যাডভান্সড কম্পিউটার সায়েন্স, আফ্রিকান স্টাডিজ, বায়োডাইভার্সিটি, কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, সোশ্যাল পলিসি, চাইনিজ স্টাডিজ, ডিপ্লোম্যাটিক স্টাডিজ, এডুকেশন, এনার্জি সিস্টেমস, এনভায়রনমেন্টাল চেঞ্জ অ্যান্ড ম্যানেজমেন্ট, সোশ্যাল ইন্টারভেনশন অ্যান্ড পলিসি ইভ্যালুয়েশন, ফিন্যান্সিয়াল ইকোনমিক্স, গ্লোবাল গভর্ন্যান্স অ্যান্ড ডিপ্লোম্যাসি, হেলথ সায়েন্স অ্যান্ড এপিডেমিওলজি, ইন্টারন্যাশনাল হেলথ অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন, ইসলামিক স্টাডিজ অ্যান্ড হিস্ট্রি, মাইগ্রেশন স্টাডিজ, সোশ্যাল সায়েন্স এবং ওয়াটার সায়েন্সসহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়নের সুযোগ দিচ্ছে।
স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য বছরে ২০ হাজার ৭৮০ ব্রিটিশ পাউন্ড উপবৃত্তি দেওয়া হবে। এছাড়া ইউরোপীয় সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানার সুযোগের পাশাপাশি লিডারশিপ প্রোগ্রাম, মেন্টরশিপ এবং আন্তর্জাতিক নেটওয়ার্কিং সুবিধাও পাবেন তারা।
আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে। আবেদনকারীকে স্কলারশিপের জন্য নির্ধারিত দেশগুলোর নাগরিক হতে হবে এবং কোর্স শেষ করে নিজ দেশে ফিরে কাজ করার আগ্রহ থাকতে হবে। এছাড়া কোর্সের চাহিদা অনুযায়ী ইংরেজি ভাষায় দক্ষতার সনদ (যেমন IELTS/TOEFL) জমা দিতে হবে।
আগ্রহীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যেহেতু বিভিন্ন কোর্সের আবেদনের শেষ সময় ভিন্ন, তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট কোর্সের সময়সীমা ও অন্যান্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদন করতে এবং সময়সীমা জানতে এখানে ক্লিক করুন।



