বিনা মূল্যে স্নাতকোত্তরের সুযোগ চীনে

মাসিক উপবৃত্তিসহ মিলবে নানা সুবিধা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ দিচ্ছে চীনের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সিংহুয়া বিশ্ববিদ্যালয় (Tsinghua University)। ‘শোয়ার্জম্যান স্কলারস’ (Schwarzman Scholars) স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়াও মাসিক উপবৃত্তি, আবাসন, বিমানের টিকিটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৯ সেপ্টেম্বর ২০২৬।

১৯১১ সালে প্রতিষ্ঠিত বেইজিংভিত্তিক সিংহুয়া বিশ্ববিদ্যালয় চীনের অন্যতম সেরা এবং বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর একটি। বিজ্ঞান, প্রকৌশল, সমাজবিজ্ঞান, কলা ও সাহিত্য এবং চিকিৎসাবিজ্ঞানে উচ্চমানের শিক্ষা ও গবেষণার জন্য প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক খ্যাতি রয়েছে।

যেসব সুবিধা পাবেন

নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বহন করবে বিশ্ববিদ্যালয়। এছাড়া যাওয়া-আসার বিমান ভাড়া, আবাসন ও খাবারের ব্যয়, মাসিক উপবৃত্তি, বই কেনার ভাতা, স্বাস্থ্যবিমা এবং শিক্ষাসংশ্লিষ্ট ভ্রমণ ব্যয়ও স্কলারশিপের আওতায় দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ২০২৭ সালের ১ আগস্ট আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং ২৯ বছরের কম হতে হবে। পাশাপাশি নেতৃত্বের গুণাবলি এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে টোফেল (iBT)-এ ন্যূনতম ১০০, আইইএলটিএসে ন্যূনতম ৭.০ অথবা কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্সড (C1) কিংবা প্রফিসিয়েন্সি (C2)-তে ন্যূনতম ১৮৫ স্কোর জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সঙ্গে জীবনবৃত্তান্ত (সিভি), পূরণকৃত অনলাইন আবেদনপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, তিনটি রেফারেন্স লেটার, ইংরেজি ভাষা দক্ষতার সনদ, স্টেটমেন্ট অব পারপাস, লিডারশিপ প্রবন্ধ এবং অতিরিক্ত অর্জনের প্রমাণপত্র (যদি থাকে) জমা দিতে হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র এবং অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ৯ সেপ্টেম্বর ২০২৬।