ভিজিটর ভিসাধারীদের জন্য নতুন সতর্কবার্তা আমেরিকার

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬

ভিজিটর ভিসাধারীদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ২৭ জুন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিলসহ ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হওয়ার ঝুঁকি রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন বা সেগুলোর অপব্যবহার করেন, তাহলে তাঁর বর্তমান ভিসা বাতিল করা হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও অযোগ্য বিবেচিত হতে পারেন।

মার্কিন দূতাবাস জানায়, অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসাধারীদের জন্য সরকারি সুবিধা গ্রহণের নিয়ম অত্যন্ত সীমিত। এসব সুবিধা মূলত যুক্তরাষ্ট্রের নাগরিক এবং আইন অনুযায়ী যোগ্য ব্যক্তিদের জন্য নির্ধারিত। তাই ভিসার শর্ত লঙ্ঘন করে সরকারি সুবিধা গ্রহণ করলে তা অভিবাসন আইনের পরিপন্থী হিসেবে বিবেচিত হতে পারে।

দূতাবাস আরও সতর্ক করে বলেছে, ভিসার শর্ত ভঙ্গ করলে শুধু বর্তমান ভিসা বাতিলই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগও হারাতে হতে পারে। তাই ভিজিটর ভিসাধারীদের সব ধরনের ভিসা শর্ত ও অভিবাসন আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।