শরণার্থী স্পন্সরের নতুন সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬

আশ্রয়প্রার্থীদের জন্য নতুন একটি বৈধ পুনর্বাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কানাডার কমিউনিটি স্পন্সরশিপ মডেল অনুসরণ করে বিশ্ববিদ্যালয় ও কমিউনিটি সংগঠনগুলো শরণার্থীদের স্পন্সর করার সুযোগ পাবে।

২৬ জুন এ পরিকল্পনার ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, নতুন ব্যবস্থার আওতায় বিভিন্ন কমিউনিটি সংগঠন এবং নির্দিষ্ট কিছু ‘বিশ্বস্ত’ বিশ্ববিদ্যালয় শরণার্থীদের স্পন্সর করতে পারবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের শরৎ মৌসুমে প্রথম দফায় শরণার্থীরা যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ পাবেন।

এছাড়া আগামী বছর থেকে নিয়োগকর্তাদের মাধ্যমেও শরণার্থীদের স্পন্সর করার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সরকার।

শাবানা মাহমুদ বলেন, “আমি প্রকৃত শরণার্থীদের জন্য নতুন বৈধ পথ উন্মুক্ত করব। একই সঙ্গে যেসব ফাঁকফোকর বারবার অপব্যবহার করা হয়েছে, সেগুলোও বন্ধ করা হবে।”

তিনি জানান, নতুন স্পন্সরশিপ কর্মসূচি বর্তমানে চালু থাকা ইউকে রিসেটেলমেন্ট স্কিম-এর তুলনায় বৃহত্তর পরিসরে পরিচালিত হবে। তবে এ কর্মসূচির আওতায় কতজন শরণার্থী পুনর্বাসনের সুযোগ পাবেন, তা এখনো জানানো হয়নি।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইউকে রিসেটেলমেন্ট স্কিমের আওতায় প্রায় ৮০০ জন শরণার্থীকে পুনর্বাসন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সিরিয়া, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের শরণার্থীদের জন্য বিশেষ স্পন্সরশিপ কর্মসূচি চালু করেছিল যুক্তরাজ্য। বর্তমানে দেশটির অভিবাসন ও আশ্রয়নীতি নিয়ে রাজনৈতিক বিতর্ক চলমান রয়েছে। এ অবস্থায় সরকার একদিকে প্রকৃত শরণার্থীদের জন্য বৈধ পথ সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে, অন্যদিকে আশ্রয় ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে আইন আরও কঠোর করার পরিকল্পনাও করছে।