অপেক্ষার অবসান, দুই বছর পর মিলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে ভারত। রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে আনুষ্ঠানিকভাবে পর্যটন ভিসার আবেদন জমা নেওয়া হচ্ছে।

রোববার সকাল থেকেই রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি আগের মতোই মেডিকেল ভিসা কার্যক্রমও চালু থাকবে।

২০২৪ সালে ভিসা কার্যক্রম সীমিত হওয়ার পর এতদিন মূলত মেডিকেল ও জরুরি প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছিল। নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে জনগণের পারস্পরিক যোগাযোগ, পর্যটন, চিকিৎসাসংক্রান্ত ভ্রমণ এবং ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টদের ধারণা।

দীর্ঘ বিরতির পর ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ায় ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে চিকিৎসা, পর্যটন, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনে ভারত ভ্রমণকারীরা এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন।