১ জুলাই থেকে কার্যকর নতুন হার

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা ফি বাড়াল অস্ট্রেলিয়া

শুধু ভিসা আবেদনেই ব্যয় হতে পারে প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৬

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার ফি আবারও বাড়িয়েছে অস্ট্রেলিয়া সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্টুডেন্ট ভিসা (সাবক্লাস ৫০০) আবেদন ফি বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫০০ অস্ট্রেলীয় ডলারে।

বুধবার (১ জুলাই) থেকে নতুন এই ফি কার্যকর হয়েছে।

এর আগে ২০২৫ সালের জুলাই মাসে স্টুডেন্ট ভিসার ফি ১ হাজার ৬০০ অস্ট্রেলীয় ডলার থেকে বাড়িয়ে ২ হাজার অস্ট্রেলীয় ডলার করা হয়েছিল। তারও আগে শিক্ষার্থীদের ভিসা আবেদন ফি ছিল ৭১০ অস্ট্রেলীয় ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ভিসা ফি তিন গুণেরও বেশি বেড়েছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ফি অনুযায়ী আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসার জন্য ২ হাজার ৫০০ অস্ট্রেলীয় ডলার পরিশোধ করতে হবে।

সংশ্লিষ্টদের মতে, ভিসা ফি বৃদ্ধির ফলে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সামগ্রিক ব্যয় আরও বাড়বে। বাংলাদেশি মুদ্রায় শুধু ভিসা আবেদন ফি বাবদই শিক্ষার্থীদের প্রায় ২ লাখ ১৫ হাজার টাকার বেশি ব্যয় হতে পারে।

অস্ট্রেলিয়ার শিক্ষা খাত দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয় ও অভিবাসনের উৎস হিসেবে বিবেচিত হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী প্রবাহ ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশটি একাধিক নীতিগত পরিবর্তন এনেছে।

স্টুডেন্ট ভিসা (সাবক্লাস ৫০০) হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার প্রধান শিক্ষার্থী ভিসা। এই ভিসার মাধ্যমে শিক্ষার্থীরা দেশটির স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণকালীন কোর্সে ভর্তি হয়ে পড়াশোনা ও বসবাসের সুযোগ পান।

সাধারণত কোর্সের মেয়াদ অনুযায়ী এই ভিসা প্রদান করা হয়, যা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বৈধ থাকতে পারে।