ঘনিয়ে এসেছে আবেদনসীমা

কানাডার স্টার্ট-আপ ভিসায় স্থায়ী বসবাসের শেষ সুযোগ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

কানাডার স্টার্ট-আপ ভিসা (SUV) প্রোগ্রামের আওতায় স্থায়ী বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্স বা পিআর) আবেদন করার শেষ সুযোগ এখন উদ্যোক্তাদের সামনে। যারা ২০২৫ সালে অনুমোদিত ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, অ্যাঞ্জেল ইনভেস্টর গ্রুপ অথবা ব্যবসা ইনকিউবেটরের কাছ থেকে বৈধ কমিটমেন্ট সার্টিফিকেট পেয়েছেন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

কানাডার ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC) জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের পর স্টার্ট-আপ ভিসা প্রোগ্রামে নতুন আবেদন গ্রহণ বন্ধ করা হয়েছে। তবে যেসব উদ্যোক্তা ওই সময়ের আগে বৈধ কমিটমেন্ট সার্টিফিকেট সংগ্রহ করেছেন, তাদের জন্য স্থায়ী বসবাসের আবেদন করার এই শেষ সুযোগ রাখা হয়েছে।

এদিকে, স্টার্ট-আপ ভিসার আওতায় ওপেন ওয়ার্ক পারমিটের নতুন আবেদনও ২০২৫ সালের ১৯ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে। বর্তমানে শুধু বিদ্যমান ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানোর আবেদন গ্রহণ করা হচ্ছে।

আইআরসিসি জানিয়েছে, বর্তমানে স্টার্ট-আপ ভিসার নির্দিষ্ট ওয়ার্ক পারমিটে কানাডায় অবস্থানরত উদ্যোক্তাদের পিআর আবেদন অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হচ্ছে। সরকারের লক্ষ্য, অস্থায়ীভাবে বসবাসরত যোগ্য উদ্যোক্তাদের স্থায়ী বাসিন্দায় রূপান্তর করা। তবে স্টার্ট-আপ ভিসার বিকল্প হিসেবে নতুন কোনো উদ্যোক্তা অভিবাসন কর্মসূচির বিষয়ে এখনো বিস্তারিত ঘোষণা দেওয়া হয়নি।

অন্যদিকে, এই কর্মসূচির আবেদন নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে প্রায় ৪৬ হাজার ৬০০ আবেদনকারী তাদের পিআর আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছেন। নতুন আবেদনকারীদের ক্ষেত্রে অপেক্ষার সময় ১০ বছরেরও বেশি হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আবেদনকারীদের জন্য নির্ধারিত যোগ্যতার মধ্যে রয়েছে একটি যোগ্য ব্যবসা পরিচালনা, অনুমোদিত প্রতিষ্ঠানের কমিটমেন্ট সার্টিফিকেট ও সাপোর্ট লেটার, কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক (CLB)-এ ন্যূনতম লেভেল–৫, পর্যাপ্ত সেটেলমেন্ট ফান্ড এবং কুইবেকের বাইরে বসবাসের পরিকল্পনা।

একজন উদ্যোক্তা এককভাবে অথবা সর্বোচ্চ পাঁচজন অংশীদার মিলে আবেদন করতে পারবেন। তবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে মিলিয়ে আবেদনকারীদের ভোটাধিকার ৫০ শতাংশের বেশি থাকতে হবে।

আইআরসিসি জানিয়েছে, আবেদন অনলাইনে পার্মানেন্ট রেসিডেন্স পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে। কোনো প্রতিনিধি আবেদন করলে ‘Use of Representative’ (IMM 5476) ফরম সংযুক্ত করতে হবে। যৌথ আবেদনের ক্ষেত্রে প্রত্যেক অংশীদারকে আলাদাভাবে আবেদন জমা দিতে হবে, অন্যথায় আবেদন প্রক্রিয়া শুরু হবে না।

এ ছাড়া স্টার্ট-আপ ভিসার ওয়ার্ক পারমিটে বর্তমানে কানাডায় অবস্থানরত উদ্যোক্তারা তাদের পারমিট নবায়ন করে পিআর আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশটিতে বৈধভাবে কাজ চালিয়ে যেতে পারবেন।