মাস্টার্স-পিএইচডিতে ব্রুনাইয়ের স্কলারশিপ, আবেদন চলছে
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর (মাস্টার্স) ও পিএইচডি পর্যায়ে ফুল-ফান্ডেড স্কলারশিপের ঘোষণা দিয়েছে ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম (Universiti Brunei Darussalam-UBD)। UBD Graduate Research Scholarship-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার পাশাপাশি মাসিক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যোগ্য শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় পরিচিতি
১৯৮৫ সালে ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ান-এ প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম দেশটির সবচেয়ে বড় এবং অন্যতম শীর্ষ গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক মানের গবেষণা ও উচ্চশিক্ষার জন্য প্রতিষ্ঠানটি সুপরিচিত।
যেসব বিষয়ে পড়ার সুযোগ
স্কলারশিপের আওতায় নৃবিজ্ঞান, বায়োমেডিকেল সায়েন্স, বায়োটেকনোলজি, রসায়ন, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, পদার্থবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ রয়েছে।
স্কলারশিপের সুবিধা
- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
- মাসিক জীবনযাপন ভাতা
- ক্যাম্পাসে বিনামূল্যে আবাসন
- যাওয়া-আসার বিমান ভাড়া
- গবেষণার জন্য বিশেষ অনুদান
- মাসিক খাবার ভাতা
আবেদনের যোগ্যতা
- স্নাতকোত্তরে আবেদনের জন্য প্রথম শ্রেণি বা সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- পিএইচডিতে আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- আবেদনকৃত প্রোগ্রামের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
- ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে IELTS Academic-এ ন্যূনতম ৬.০ ব্যান্ড স্কোর অথবা Medium of Instruction (MOI) সনদ গ্রহণযোগ্য। তবে এসব না থাকলেও আবেদন করা যাবে।
- পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে যাওয়ার অঙ্গীকার থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
- জীবনবৃত্তান্ত (CV)
- বৈধ পাসপোর্ট
- রেফারেন্স লেটার
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট
- স্টেটমেন্ট অব পারপাস (SOP)
- রিসার্চ প্রপোজাল
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ সময়
আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট ২০২৬।
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন।
বিস্তারিত জানতে ক্লিক করুন



