দক্ষিণ কোরিয়া ভ্রমণে মিলবে ভিসা ফি ছাড়, জানুন কারা পাবেন

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৬

দক্ষিণ কোরিয়ায় গ্রুপ পর্যটকদের জন্য ভিসা ফি মওকুফের সুবিধার মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার। চীন, ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশ—কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনাম থেকে সংগঠিত ট্যুর গ্রুপে যাওয়া পর্যটকরা চলতি বছরের ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই সুবিধা পাবেন।

দক্ষিণ কোরিয়ার বিচার মন্ত্রণালয় জানিয়েছে, আগে এ সুবিধার মেয়াদ জুনের শেষ পর্যন্ত ছিল। তবে বিদেশি পর্যটক বাড়ানো এবং পর্যটন খাতের পুনরুদ্ধারের লক্ষ্যে মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। এর ফলে যোগ্য গ্রুপ পর্যটকদের ২৩ হাজার কোরিয়ান ওন (প্রায় ১৫ মার্কিন ডলার) ভিসা আবেদন ফি দিতে হবে না।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে গ্রুপ পর্যটক ভিসায় দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করেছেন প্রায় ৭ লাখ ৯০ হাজার বিদেশি, যা আগের বছরের তুলনায় ৩৯ শতাংশ বেশি। এর মধ্যে চীনা পর্যটকের সংখ্যা বেড়েছে ৪৮ শতাংশ, ভিয়েতনামি পর্যটক বেড়েছে ৫ শতাংশ। অন্যদিকে ভারতের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৪ সালে যেখানে ভারত থেকে মাত্র ৫৭৩ জন গ্রুপ পর্যটক এসেছিলেন, ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে ১ হাজার ১২০ জনে পৌঁছেছে।

এদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসেই দক্ষিণ কোরিয়ায় বিদেশি পর্যটকের সংখ্যা ১ কোটির বেশি ছাড়িয়েছে। বিশেষ করে সিউলের মিয়ংডং, বুসান এবং জেজু দ্বীপে বিদেশি পর্যটকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

দক্ষিণ কোরিয়া সরকার মনে করছে, ভিসা ফি মওকুফের মতো উদ্যোগ বিদেশি পর্যটক আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের পর্যটন শিল্প ও স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।