আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ধাক্কা, আবাসন ভাতা বন্ধ ফ্রান্সে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৬

ফ্রান্সে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা (CAF) নীতিতে বড় পরিবর্তন এনেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়ন (EU), ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA) ও সুইজারল্যান্ডের বাইরে থেকে আসা যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী কোনো স্কলারশিপ পান না, তারা আর আবাসন ভাতার সুবিধা পাবেন না।

এর আগে ফ্রান্সে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীরা CAF-এর মাধ্যমে আবাসন ভাতা পেতেন, যা তাদের বাড়িভাড়া ও জীবনযাপনের ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। তবে নতুন নীতিতে কেবল ইরাসমাস বা সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগের মতো এই সুবিধা পাবেন।

ফ্রান্স সরকার জানিয়েছে, বাজেট ঘাটতি মোকাবিলা এবং সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছর বিপুলসংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী আবাসন ভাতা পাওয়ায় সরকারের ওপর উল্লেখযোগ্য আর্থিক চাপ তৈরি হচ্ছিল।

নতুন সিদ্ধান্তে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, আবাসন ব্যয় ফ্রান্সে পড়াশোনার অন্যতম বড় খরচ। ভাতা বন্ধ হয়ে গেলে বিশেষ করে দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে আসা বৃত্তিহীন শিক্ষার্থীদের জন্য পড়াশোনা চালিয়ে যাওয়া আরও কঠিন হয়ে পড়বে।

বিশ্লেষকদের মতে, এ নীতির কারণে ভবিষ্যতে ফ্রান্সে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমতে পারে। অনেক শিক্ষার্থী বিকল্প হিসেবে অন্য ইউরোপীয় দেশে পড়াশোনার সিদ্ধান্ত নিতে পারেন। একই সঙ্গে শিক্ষার্থীদের আর্থিক চাপ বাড়ায় পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজের প্রবণতাও বাড়তে পারে।

তবে ফ্রান্স সরকার জানিয়েছে, যোগ্য শিক্ষার্থীদের সহায়তা দিতে স্কলারশিপ কর্মসূচি আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি কিছু বিশ্ববিদ্যালয় নিজস্ব তহবিল থেকেও শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিতে পারে।