শেংগেন ভিসায় অতিরিক্ত অবস্থান, কী হতে পারে পরিণতি?

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৬

ফ্রান্সসহ শেংগেন অঞ্চলে স্বল্পমেয়াদি ভিসায় ৯০ দিনের বেশি অবস্থান করলে আইনগত জটিলতায় পড়তে পারেন ভ্রমণকারীরা। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে জরিমানা, বহিষ্কার এবং ভবিষ্যতে শেংগেন ভিসা পাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন শাস্তির মুখোমুখি হতে হতে পারে।

শেংগেন ভিসার আওতায় সাধারণত ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন থাকার অনুমতি দেওয়া হয়। এই সময়সীমা অতিক্রম করলে তা অভিবাসন আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।

ফরাসি কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে কয়েকশ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। গুরুতর ক্ষেত্রে অভিবাসন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে নিজ দেশে ফেরত পাঠাতে পারে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য ফ্রান্স বা পুরো শেংগেন অঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে।

এ ছাড়া ভিসার শর্ত ভঙ্গের কারণে ভবিষ্যতে শেংগেন ভিসার আবেদন প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকিও থাকে। এমনকি কয়েক দিনের অতিরিক্ত অবস্থানও পরবর্তী ভিসা আবেদনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, যাদের ৯০ দিনের বেশি থাকার প্রয়োজন, তাদের অবশ্যই লং-স্টে ভিসা বা রেসিডেন্স পারমিট নিতে হবে। ভিসার শর্ত ভালোভাবে জেনে নির্ধারিত সময়ের আগেই দেশ ত্যাগ করাই সবচেয়ে নিরাপদ উপায়।