টিউশন ফি থেকে মাসিক ভাতা, পোল্যান্ডের ৭ বৃত্তির বিস্তারিত
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৬
সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইউরোপের অন্যতম আকর্ষণীয় উচ্চশিক্ষার গন্তব্য হয়ে উঠেছে পোল্যান্ড। তুলনামূলক কম খরচে আন্তর্জাতিক মানের শিক্ষা, আধুনিক গবেষণা সুবিধা এবং বিশ্বব্যাপী স্বীকৃত ডিগ্রির কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে দেশটিতে।
পোল্যান্ডের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি মাধ্যমে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে অসংখ্য প্রোগ্রাম চালু রয়েছে। প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, ব্যবসায় প্রশাসন, চিকিৎসাবিজ্ঞান, অর্থনীতি ও সমাজবিজ্ঞানের মতো বিষয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে নানা ধরনের স্কলারশিপ।
নিচে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পোল্যান্ডের সাতটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ তুলে ধরা হলো—
১. ইগনাসি লুকাশেভিচ স্কলারশিপ প্রোগ্রাম
পোলিশ সরকার ও Polish National Agency for Academic Exchange (NAWA) পরিচালিত এই স্কলারশিপ মূলত উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য। এতে সরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ছাড়াই মাস্টার্স করার সুযোগ পাওয়া যায়। প্রকৌশল, বিজ্ঞান, কৃষি ও প্রযুক্তি বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। অনেক ক্ষেত্রে প্রস্তুতিমূলক ভাষা ও একাডেমিক কোর্সের সুবিধাও রয়েছে।
২. পলোনিস্তা স্কলারশিপ প্রোগ্রাম
পোলিশ ভাষা, সাহিত্য, স্লাভিক স্টাডিজ ও সংস্কৃতি বিষয়ে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ। নির্বাচিত শিক্ষার্থীরা পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে এক বা দুই সেমিস্টার কিংবা কিছু ক্ষেত্রে পূর্ণাঙ্গ মাস্টার্স ও গবেষণার সুযোগ পান। মাসিক ভাতাও দেওয়া হয়।
৩. ইউনিভার্সিটি অব ওয়ারশ স্কলারশিপ
পোল্যান্ডের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় University of Warsaw আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মেধাভিত্তিক বিভিন্ন স্কলারশিপ দেয়। ভালো একাডেমিক ফলাফল, গবেষণা, শিল্পকলা বা ক্রীড়ায় বিশেষ অর্জনের ভিত্তিতে শিক্ষার্থীরা এই বৃত্তি পেতে পারেন। এছাড়া NAWA-এর মাধ্যমে পূর্ণ অর্থায়নের সুযোগও রয়েছে।
৪. মারিয়া কুরি-স্ক্লোদভস্কা ইউনিভার্সিটি স্কলারশিপ
লুবলিনের Maria Curie-Skłodowska University (UMCS) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মওকুফ ও মেধাভিত্তিক স্কলারশিপ প্রদান করে। গবেষণা, একাডেমিক ফলাফল এবং বিশেষ অর্জনের ভিত্তিতে শিক্ষার্থীরা এই সুবিধা পেতে পারেন।
৫. উলাম ইন্টারন্যাশনাল প্রোগ্রাম
গবেষকদের জন্য NAWA পরিচালিত এই প্রোগ্রামে ৬ থেকে ২৪ মাস পর্যন্ত পোল্যান্ডের বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানে গবেষণার সুযোগ রয়েছে। নির্বাচিত গবেষকরা মাসিক স্টাইপেন্ডের পাশাপাশি ভ্রমণসহ অন্যান্য আর্থিক সুবিধাও পান।
৬. লাজারস্কি ইউনিভার্সিটি স্কলারশিপ
ওয়ারশভিত্তিক Lazarski University আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মেধাভিত্তিক স্কলারশিপ ও টিউশন ফি ছাড়ের সুযোগ দেয়। ভালো ফলাফল ও ভাষা দক্ষতার ভিত্তিতে শিক্ষার্থীরা টিউশন ফির ওপর সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।
৭. ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ
Erasmus Mundus Joint Master’s ইউরোপীয় ইউনিয়নের অন্যতম জনপ্রিয় ফুল-ফান্ডেড স্কলারশিপ। এতে শিক্ষার্থীরা পোল্যান্ডসহ একাধিক ইউরোপীয় দেশে পড়াশোনার সুযোগ পান। নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি, স্বাস্থ্যবিমা, ভ্রমণ ব্যয় এবং মাসিক প্রায় ১ হাজার ৪০০ ইউরো পর্যন্ত ভাতা দেওয়া হয়।
বিশেষজ্ঞদের মতে, ইউরোপে তুলনামূলক কম খরচে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য পোল্যান্ড একটি সম্ভাবনাময় গন্তব্য। বিভিন্ন সরকারি ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্কলারশিপের মাধ্যমে টিউশন ফি, মাসিক ভাতা এবং গবেষণা সহায়তার সুযোগ থাকায় প্রতি বছর দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে।



