ভারতীয় ভিসাকেন্দ্রে আবেদনকারীদের দীর্ঘ সারি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬
রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রের (আইভ্যাক) সামনে রোববার সকাল থেকেই দেখা গেছে আবেদনকারীদের দীর্ঘ সারি। কেউ নতুন ভিসার আবেদন জমা দিতে, কেউ পাসপোর্ট সংগ্রহ করতে, আবার কেউ চিকিৎসা, ভ্রমণ বা অন্যান্য প্রয়োজনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ভিসাকেন্দ্রে আসেন। তবে আবেদনকারীদের অনেকেই ভিসার অ্যাপয়েন্টমেন্ট বা স্লট পাওয়া নিয়ে জটিলতা এবং অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ করেছেন।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই কেন্দ্রটির সামনে শত শত আবেদনকারী বিভিন্ন সেবার জন্য আলাদা লাইনে অপেক্ষা করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীদের সংখ্যাও বাড়তে থাকে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও প্রয়োজনীয় সেবা নিতে আগ্রহীদের ধৈর্য ধরে অপেক্ষা করতে দেখা যায়।
রাজধানীর বাংলামোটরের বাসিন্দা রবিন মিয়া বলেন, গত ২৩ জুন তাঁর ভিসার মেয়াদ শেষ হয়েছে। নতুন করে আবেদন করলেও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নির্ধারিত স্লট পাওয়া।
তিনি অভিযোগ করে বলেন, সরকারি ভিসা ফি প্রায় এক হাজার ৫৩০ টাকা হলেও ডাবল এন্ট্রি ভিসার স্লট পেতে অনেক ক্ষেত্রে ২৫ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আগে অনলাইনে আবেদন করার পরপরই প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া যেত, কিন্তু এখন স্লট সংকটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। প্রয়োজনে সরকারিভাবে ভিসা ফি সমন্বয় করা হলেও স্লটসংক্রান্ত এই ভোগান্তির অবসান হওয়া উচিত বলে মত দেন তিনি।
ময়মনসিংহের গফরগাঁও থেকে আসা মোহাম্মদ আরাফাত রহমান ট্যুরিস্ট ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে এসেছেন। তিনি বলেন, আগেও ভারতে গিয়েছেন। এবার স্লট পেতে খুব বেশি সমস্যা না হলেও আবেদন প্রক্রিয়া আগের তুলনায় জটিল মনে হয়েছে। পাশাপাশি দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতেও হয়েছে।
চোখের চিকিৎসার জন্য প্রথমবার ভারতে যেতে ইচ্ছুক গোপালগঞ্জের জয়ন্তী হালদার ছেলেকে সঙ্গে নিয়ে পাসপোর্ট জমা দেওয়ার লাইনে অপেক্ষা করছিলেন। তিনি বলেন, কিছুটা সময় লাগলেও আজই প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়ি ফিরতে চান।
এ বিষয়ে ভিসাকেন্দ্রের নিরাপত্তা ইনচার্জ মতিউর রহমান বলেন, অন্যান্য দিনের তুলনায় রোববার আবেদনকারীর উপস্থিতি কিছুটা বেশি ছিল। সাধারণত সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে সবচেয়ে বেশি ভিড় থাকে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্টরা জানান, ভারতীয় ভিসার আবেদন জমা দেওয়ার আগে অনলাইনে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট বা স্লট নিতে হয়। আবেদনকারীদের দাবি, ভিসা আবেদনকেন্দ্রে সেবা নিয়ে বড় ধরনের অভিযোগ না থাকলেও স্লট পাওয়া, দীর্ঘ সময় অপেক্ষা এবং কথিত অতিরিক্ত অর্থ লেনদেনের অভিযোগের বিষয়গুলো দ্রুত সমাধান করা প্রয়োজন। এতে ভিসাপ্রত্যাশীদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করছেন তারা।



