তরুণ সাংবাদিকদের জন্য থমসন ফাউন্ডেশনের আন্তর্জাতিক পুরস্কার

তিন বিজয়ী পাবেন লন্ডন সফরের পূর্ণ অর্থায়ন, আবেদন শেষ ৯ আগস্ট

সানজিদা হক প্রমা

সানজিদা হক প্রমা

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬

বিশ্বের তরুণ সাংবাদিকদের জন্য মর্যাদাপূর্ণ থমসন ফাউন্ডেশন ইয়াং জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২৬-এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক থমসন ফাউন্ডেশন এবং ইউকে ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এফপিএ) যৌথভাবে এ পুরস্কারের আয়োজন করছে। নির্বাচিত তিনজন চূড়ান্ত প্রতিযোগী সম্পূর্ণ ব্যয়ে লন্ডন সফরের সুযোগ পাবেন।

আয়োজকরা জানিয়েছেন, অনুসন্ধানী ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতায় অবদান রাখা ৩০ বছর বা তার কম বয়সী সাংবাদিকরা এ পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের এমন দেশ থেকে হতে হবে, যেখানে মাথাপিছু মোট জাতীয় আয় (জিএনআই) ২০ হাজার মার্কিন ডলারের কম।

পুরস্কারের অংশ হিসেবে নির্বাচিত তিনজন সাংবাদিককে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এফপিএ) মিডিয়া অ্যাওয়ার্ডসে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি তারা লন্ডনের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম পরিদর্শন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, পেশাগত প্রশিক্ষণ গ্রহণ এবং বৈশ্বিক পর্যায়ে নিজেদের কাজ তুলে ধরার সুযোগ পাবেন।

আয়োজকরা জানান, উন্নয়নশীল দেশের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং জনস্বার্থভিত্তিক সাংবাদিকতাকে উৎসাহিত করাই এই পুরস্কারের মূল লক্ষ্য। একই সঙ্গে বিভিন্ন দেশের সাংবাদিকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা এবং সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

আবেদনকারীর যোগ্যতা

আবেদনকারীর বয়স ২০২৬ সালের ২৫ নভেম্বরের মধ্যে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। আবেদনপত্রের সঙ্গে গত ১২ মাসে (৯ আগস্ট ২০২৬-এর আগে) প্রকাশিত বা সম্প্রচারিত তিনটি সংবাদ বা অনুসন্ধানী প্রতিবেদন জমা দিতে হবে। প্রতিবেদনগুলো প্রিন্ট, অডিও, ভিডিও অথবা মাল্টিমিডিয়া—যেকোনো মাধ্যমে প্রকাশিত হতে পারে।

প্রতিটি প্রতিবেদনের জন্য ২০০ শব্দের মধ্যে সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে, যেখানে প্রতিবেদনের বিষয়বস্তু এবং নিজ দেশে তার প্রভাব তুলে ধরতে হবে। প্রতিবেদন ইংরেজিতে না হলে ইংরেজি অনুবাদ সংযুক্ত করতে হবে। এছাড়া নিয়োগকারী প্রতিষ্ঠানের ভেরিফিকেশন লেটার, প্রয়োজনীয় সহযোগিতার বিবরণ এবং মৌলিক কাজের নিশ্চয়তাও দিতে হবে।

যেভাবে আবেদন

আগ্রহী সাংবাদিকদের থমসন ফাউন্ডেশনের নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে আয়োজকরা।

আবেদনের শেষ সময়: ৯ আগস্ট ২০২৬।

সাংবাদিকতায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক যোগাযোগ সম্প্রসারণে আগ্রহী তরুণ সাংবাদিকদের জন্য এই পুরস্কার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।