জার্মানিতে পড়তে গেলে কারা স্বাস্থ্যবিমা ছাড় পাবেন?

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬

জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিমা (হেলথ ইনস্যুরেন্স) বাধ্যতামূলক। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শিক্ষার্থীরা দেশটির সরকারি বা স্ট্যাটুটরি স্বাস্থ্যবিমা (Statutory Health Insurance) ব্যবস্থায় যুক্ত না হয়েও পড়াশোনা চালিয়ে যেতে পারেন। জার্মানির স্বাস্থ্যবিমা নীতিমালা অনুযায়ী, স্বীকৃত বিকল্প স্বাস্থ্যবিমা থাকলে শিক্ষার্থীরা সরকারি স্বাস্থ্যবিমা থেকে অব্যাহতির (Exemption) আবেদন করার সুযোগ পান।

যেসব শিক্ষার্থী অব্যাহতির সুযোগ পাবেন

জার্মানির বিদ্যমান বিধিমালা অনুযায়ী তিন ধরনের আন্তর্জাতিক শিক্ষার্থী এ সুবিধা পেতে পারেন।

১. ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের শিক্ষার্থী

ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশ এবং যুক্তরাজ্যের শিক্ষার্থীদের কাছে বৈধ European Health Insurance Card (EHIC) অথবা Global Health Insurance Card (GHIC) থাকলে তাঁরা নিজ দেশের স্বাস্থ্যবিমা ব্যবহার করেই জার্মানিতে পড়াশোনা করতে পারবেন। এ ক্ষেত্রে আলাদা করে জার্মানির সরকারি স্বাস্থ্যবিমায় যুক্ত হওয়ার প্রয়োজন হবে না।

২. যেসব দেশের সঙ্গে জার্মানির সামাজিক নিরাপত্তা চুক্তি রয়েছে

জার্মানির সঙ্গে দ্বিপক্ষীয় সামাজিক নিরাপত্তা (Social Security) চুক্তি রয়েছে—এমন দেশের শিক্ষার্থীরাও সরকারি স্বাস্থ্যবিমা থেকে অব্যাহতির আবেদন করতে পারবেন।

এ তালিকায় রয়েছে—

  • বসনিয়া ও হার্জেগোভিনা
  • ইসরায়েল
  • মরক্কো
  • উত্তর মেসিডোনিয়া
  • মন্টেনেগ্রো
  • সার্বিয়া
  • তিউনিসিয়া
  • তুরস্ক

৩. স্বীকৃত প্রাইভেট স্বাস্থ্যবিমাধারী শিক্ষার্থী

যেসব আন্তর্জাতিক শিক্ষার্থীর এমন প্রাইভেট স্বাস্থ্যবিমা রয়েছে, যা জার্মানির সরকারি স্বাস্থ্যবিমার মানদণ্ড পূরণ করে, তারাও স্ট্যাটুটরি স্বাস্থ্যবিমা থেকে অব্যাহতি পেতে পারেন।

প্রাইভেট স্বাস্থ্যবিমার ক্ষেত্রে যেসব শর্ত মানতে হবে

স্ট্যাটুটরি স্বাস্থ্যবিমার পরিবর্তে প্রাইভেট স্বাস্থ্যবিমা ব্যবহার করতে হলে বিমাটি অবশ্যই জার্মানির সরকারি স্বাস্থ্যবিমা ব্যবস্থার সমমানের হতে হবে। পাশাপাশি—

  • স্বাস্থ্যসেবার পর্যাপ্ত ও সীমাহীন কভারেজ থাকতে হবে।
  • জার্মানির নির্ধারিত মানদণ্ড অনুযায়ী অনুমোদিত হতে হবে।
  • বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দিন থেকেই কার্যকর থাকতে হবে।

এ ছাড়া শিক্ষার্থীকে তাঁর বিমা প্রতিষ্ঠানের লিখিত নিশ্চয়নপত্র সংগ্রহ করে জার্মানির একটি স্ট্যাটুটরি স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। যাচাই শেষে শর্ত পূরণ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এক্সেম্পশন সার্টিফিকেট (Exemption Certificate) প্রদান করবে। এরপর সেই সনদ বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে সরকারি স্বাস্থ্যবিমা থেকে অব্যাহতির সুবিধা পাওয়া যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, জার্মানিতে উচ্চশিক্ষার পরিকল্পনা করা শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া শুরু করার আগেই স্বাস্থ্যবিমা–সংক্রান্ত নিয়মগুলো ভালোভাবে জেনে নেওয়া উচিত। কারণ, স্বাস্থ্যবিমা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও শিক্ষার্থী ভিসা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।