কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দ্রুত বিস্তারের সঙ্গে নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও নৈতিক ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক গবেষকদের জন্য Singapore AI Safety Fellowship (SASF) 2026 নামে তিন মাসের একটি সম্পূর্ণ অর্থায়িত ফেলোশিপের আয়োজন করেছে Singapore AI Safety Hub (SASH)। বিশ্বের বিভিন্ন দেশের উদীয়মান গবেষকেরা এই ফেলোশিপে অংশ নিতে পারবেন।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে এই ফেলোশিপ। এতে নির্বাচিত ফেলোরা অভিজ্ঞ গবেষকদের তত্ত্বাবধানে নিরাপদ ও দায়িত্বশীল AI প্রযুক্তি নিয়ে গবেষণার সুযোগ পাবেন। পাশাপাশি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে বাস্তব গবেষণা অভিজ্ঞতা অর্জনের সুযোগও থাকবে।
ফেলোশিপ চলাকালে অংশগ্রহণকারীদের প্রতি মাসে ৫ হাজার সিঙ্গাপুর ডলার (SGD) ভাতা দেওয়া হবে। এছাড়া আবাসন, সিঙ্গাপুরে যাওয়া-আসার বিমানভাড়া এবং গবেষণার জন্য সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার মূল্যের কম্পিউটিং সুবিধা (Compute Credits) প্রদান করা হবে।
সিঙ্গাপুরের চায়নাটাউন এলাকায় অবস্থিত SASH ক্যাম্পাসে এই কর্মসূচি পরিচালিত হবে। গবেষণার পাশাপাশি অংশগ্রহণকারীরা বিভিন্ন কর্মশালা, সেমিনার, বিশেষজ্ঞদের আলোচনা এবং সামাজিক ও কমিউনিটি কার্যক্রমে অংশ নিতে পারবেন। এর মাধ্যমে বিশ্বজুড়ে AI গবেষকদের সঙ্গে পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
কারা আবেদন করতে পারবেন
এই ফেলোশিপে আবেদনকারীদের শক্তিশালী প্রযুক্তিগত গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। AI উন্নয়ন ও AI Safety বিষয়ে আগ্রহী হতে হবে এবং বহুজাতিক ও সহযোগিতামূলক পরিবেশে কাজ করার সক্ষমতা থাকতে হবে। নির্বাচিতদের তিন মাস সিঙ্গাপুরে পূর্ণকালীন উপস্থিত থেকে কাজ করতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য, প্রয়োজনীয় লজিস্টিক তথ্য, মূল্যায়নসংক্রান্ত প্রশ্নের উত্তর এবং পছন্দের মেন্টর নির্বাচন করতে হবে। পাশাপাশি দুইজন রেফারেন্সের তথ্য দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
- AI Safety–সংক্রান্ত অন্তত একটি প্রযুক্তিগত প্রকল্প, গবেষণাপত্র বা কাজের নমুনা
- অন্যান্য প্রাসঙ্গিক সহায়ক নথি
আবেদনকারীদের জন্য ১ জুলাই ২০২৬ একটি ভার্চুয়াল তথ্যসেশনও অনুষ্ঠিত হবে, যেখানে ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ জুলাই ২০২৬।