দক্ষ জনশক্তি গঠনে সুইজারল্যান্ডের সহযোগিতা চায় বাংলাদেশ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৬
দক্ষ জনশক্তি তৈরি, নিরাপদ অভিবাসন এবং বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির এক দ্বিপক্ষীয় বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
২৮ জুন মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দক্ষ জনশক্তি উন্নয়ন, নিরাপদ অভিবাসন এবং দেশে ফিরে আসা অভিবাসী কর্মীদের পুনর্বাসনের বিষয় গুরুত্ব পায়।
বৈঠকে মন্ত্রী বলেন, সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে বাংলাদেশকে দক্ষতা উন্নয়ন, নিরাপদ অভিবাসন এবং সামাজিক সুরক্ষা খাতে সহযোগিতা দিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে দেশে ফিরে আসা বাংলাদেশি কর্মীদের পুনর্বাসন ও নতুন কর্মসংস্থান নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) মাধ্যমে সুইজারল্যান্ডের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও জানান, প্রবাসী কর্মসংস্থানের অনলাইন প্ল্যাটফর্ম আধুনিকীকরণে সুইজারল্যান্ডের কারিগরি সহায়তা ইতোমধ্যে ইতিবাচক ফল দিয়েছে। তবে জনবল চাহিদা ব্যবস্থাপনা, চিকিৎসাকেন্দ্র সংযুক্তকরণ, চাকরির পোর্টাল উন্নয়ন এবং পৃথক মোবাইল অ্যাপ চালুর মতো উদ্যোগে আরও সহযোগিতা প্রয়োজন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ সম্প্রসারণে কাজ করছে। সুইজারল্যান্ডের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার অভিজ্ঞতা বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তিতে পরিণত করতে সহায়ক হতে পারে।
তিনি স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, আতিথেয়তা ও নির্মাণ খাতে বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুইজারল্যান্ডে বৃত্তির সংখ্যা বৃদ্ধির আহ্বান জানান।
বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, সুইজারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
রাষ্ট্রদূত রেতো রেংগলি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের সম্পর্ক আরও গভীর হয়েছে। দেশে ফিরে আসা অভিবাসী কর্মীদের অর্থনৈতিক ও সামাজিক পুনর্বাসনে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি বাংলাদেশের জনশক্তিকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে সুইজারল্যান্ডের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



