জার্মানিতে গবেষণা করতে চান? ডিএএডি রিসার্চ গ্রান্টস ২০২৭ সম্পর্কে জানুন
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৬
জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (DAAD) Research Grants 2027 কর্মসূচির ঘোষণা দিয়েছে। এই কর্মসূচির আওতায় আন্তর্জাতিক পিএইচডি শিক্ষার্থী এবং প্রাথমিক পর্যায়ের পোস্টডক্টরাল গবেষকরা জার্মানির বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ের জন্য গবেষণার সুযোগ পাবেন।
এই গ্রান্ট মূলত তাদের জন্য, যারা জার্মানির বাইরে কোনো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন অথবা সম্প্রতি পিএইচডি সম্পন্ন করেছেন। তবে যারা সম্পূর্ণ পিএইচডি ডিগ্রি জার্মানিতে করতে চান, তারা এই কর্মসূচির জন্য যোগ্য নন।
নির্বাচিত গবেষকরা মাসিক ১,৪০০ ইউরো ভাতা পাবেন। এছাড়া নির্দিষ্ট শর্তে আবাসন সহায়তা এবং ছয় মাসের বেশি মেয়াদের গবেষণার ক্ষেত্রে ৪৬০ ইউরো গবেষণা ভাতা দেওয়া হবে। পিএইচডি শিক্ষার্থীরা ২ থেকে ১২ মাস, আর পোস্টডক্টরাল গবেষকরা ২ থেকে ৬ মাস পর্যন্ত অর্থায়ন পাবেন।
প্রতি বছর ৭ অক্টোবর ও ৪ মার্চ—এই দুই দফায় আবেদন গ্রহণ করা হয়। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, গবেষণা প্রস্তাবের মান, গবেষণার সম্ভাবনা, হোস্ট প্রতিষ্ঠানের গ্রহণপত্র, একাডেমিক অর্জন এবং ভবিষ্যৎ গবেষণা পরিকল্পনার ভিত্তিতে মূল্যায়ন করা হবে।
আবেদনের জন্য প্রয়োজন হবে জীবনবৃত্তান্ত (CV), মোটিভেশন লেটার, গবেষণা প্রস্তাব, পিএইচডি ভর্তি বা সম্পন্নের প্রমাণ, জার্মান হোস্ট প্রতিষ্ঠানের গ্রহণপত্র, ডিগ্রি সনদ, ট্রান্সক্রিপ্ট, সুপারিশপত্র এবং পোস্টডক্টরালদের ক্ষেত্রে প্রকাশনার তালিকা।
আগ্রহীদের ডিএএডি অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথি পিডিএফ আকারে আপলোড করার পাশাপাশি আবেদন সারসংক্ষেপের একটি কপি নির্ধারিত ঠিকানায় ডাকযোগেও পাঠাতে হবে।



