দক্ষিণ কোরিয়ায় বসবাস, বিদেশি প্রতিষ্ঠানে চাকরি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬
দক্ষিণ কোরিয়া বিদেশি রিমোট কর্মীদের জন্য আনুষ্ঠানিকভাবে ডিজিটাল নোম্যাড ভিসা (F-1-D) বা ওয়ার্কেশন ভিসা চালু করেছে। এই ভিসার মাধ্যমে বিদেশি নাগরিকরা কোরিয়ায় বসবাস করে নিজ দেশের কোম্পানি বা প্রতিষ্ঠানের হয়ে দূর থেকে কাজ করতে পারবেন। এ জন্য কোরিয়ার কোনো নিয়োগকর্তার অধীনে চাকরি করার প্রয়োজন হবে না।
নতুন নীতিতে আবেদনকারীদের আয়ের শর্তও আগের তুলনায় শিথিল করা হয়েছে। বয়স এবং বসবাসের এলাকার ভিত্তিতে যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, ফলে আরও বেশি বিদেশি পেশাজীবী এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
এ ছাড়া ভিসার মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ তিন বছর করা হয়েছে। এতে দীর্ঘ সময় ধরে দক্ষিণ কোরিয়ায় বসবাস ও রিমোট কাজ করার সুযোগ পাবেন আবেদনকারীরা।
দক্ষিণ কোরিয়ার বিচারমন্ত্রী জুং সুং-হো বলেছেন, এই ভিসার লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী ও সৃজনশীল পেশাজীবীদের কোরিয়ায় আকৃষ্ট করা এবং তাদের জন্য কাজ ও বসবাসের অনুকূল পরিবেশ তৈরি করা।
বিশ্লেষকদের মতে, সহজ শর্ত, দীর্ঘমেয়াদি থাকার সুযোগ এবং নমনীয় নীতির কারণে দক্ষিণ কোরিয়ার নতুন ডিজিটাল নোম্যাড ভিসা আন্তর্জাতিক ফ্রিল্যান্সার, আইটি পেশাজীবী এবং রিমোট কর্মীদের কাছে একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।



