অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে বড় পরিবর্তন
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬
অস্ট্রেলিয়া তাদের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এনে বিনিয়োগভিত্তিক অভিবাসনের পরিবর্তে দক্ষ মানবসম্পদ ও উদ্ভাবনকে অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্যেই দেশটি চালু করেছে ন্যাশনাল ইনোভেশন ভিসা (National Innovation Visa – NIV)।
২০২৪ সালে বিজনেস ইনোভেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (BIIP) বন্ধ করার পর নতুন এই নীতির মাধ্যমে উদ্যোক্তা, গবেষক, উদ্ভাবক, বিনিয়োগকারী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের আকৃষ্ট করতে চায় অস্ট্রেলিয়া।
সরকারের ভাষ্য অনুযায়ী, নতুন নীতির মূল লক্ষ্য ‘ক্যাপিটাল থেকে ক্যাপাবিলিটি’, অর্থাৎ অর্থের পরিমাণ নয়; একজন ব্যক্তি কতটা উদ্ভাবনী, গবেষণায় কতটা অবদান রাখতে পারেন এবং প্রযুক্তি ও কর্মসংস্থানে কী ধরনের প্রভাব ফেলতে পারেন—এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হবে।
বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার নিরাপত্তা, স্বাস্থ্য প্রযুক্তি, পরিচ্ছন্ন জ্বালানি, ফিনটেক, কৃষি প্রযুক্তি এবং উন্নত উৎপাদন খাতের দক্ষ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিরা এই ভিসার আওতায় অগ্রাধিকার পাবেন।
বিশ্লেষকদের মতে, অস্ট্রেলিয়ার এই নতুন নীতি বিশ্বব্যাপী অভিবাসন ব্যবস্থার পরিবর্তিত প্রবণতার প্রতিফলন। উন্নত দেশগুলো এখন শুধু বিনিয়োগ নয়, বরং মেধা, গবেষণা, উদ্ভাবন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় অবদান রাখতে সক্ষম মানবসম্পদকে বেশি গুরুত্ব দিচ্ছে। এই পরিবর্তনের ফলে আন্তর্জাতিক গবেষক, উদ্যোক্তা ও প্রযুক্তি খাতের পেশাজীবীদের জন্য অস্ট্রেলিয়ায় নতুন সুযোগ তৈরি হতে পারে।



